পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে আজ থেকে কারখানা বন্ধের ঘোষণা বিজিএমইএ-বিকেএমইএর

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ নভেম্বর ২০২৬, ১০:০৮
অ- অ+

শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার জেরে দেশের তৈরি পোশাক শিল্পে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। সাভার, আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলের ১৪৭টি পোশাক কারখানায় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে শ্রমিকরা কাজে না ফিরলে আজ রবিবার (১৫ নভেম্বর) থেকে উৎপাদন চালাতে না পারা কারখানাগুলো শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।

গতকাল শনিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে কারখানার সার্বিক পরিস্থিতি ও মালিকপক্ষের অবস্থান তুলে ধরেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। এ সময় বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামিম এহসানসহ দুই সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সাভার, আশুলিয়া ও গাজীপুরের ৫৫টি কারখানা এরই মধ্যে শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এ ছাড়া শ্রমিক বিক্ষোভের কারণে আরও ৯২টি কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে। মালিকপক্ষের অভিযোগ, কিছু শ্রমিক নিজেরা কাজে যোগ দিচ্ছেন না এবং অন্যদেরও কাজে বাধা দিচ্ছেন। এমনকি দলবদ্ধভাবে অন্য কারখানার সামনে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ ও শ্রমিকদের জোর করে বের করে আনার ঘটনাও ঘটছে। বিজিএমইএ সভাপতি বলেন, শিল্পাঞ্চলে নিরাপত্তা ও উৎপাদনের অনুকূল পরিবেশ নিশ্চিত না হলে কারখানা চালু রাখা অসম্ভব।

চলমান অস্থিরতার মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনে নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হবে। বোর্ডের চেয়ারম্যান বিচারক সৈয়দ আজাদ সুবহানির সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই সভায় মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামছুদ্দিন লিখিত মজুরি প্রস্তাব জমা দেবেন। তবে চলমান বিশৃঙ্খলা অব্যাহত থাকলে মজুরি বোর্ডের আলোচনার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজিএমইএ সভাপতি।

এর আগে গত ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের লিখিত প্রস্তাব জমা দেয়। বর্তমানে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা হলেও শ্রমিকপক্ষ চারটি গ্রেডে সর্বনিম্ন ৩২ হাজার থেকে সর্বোচ্চ ৪৮ হাজার টাকা মজুরির দাবি জানিয়েছে। প্রস্তাবিত গ্রেডগুলো হলো:

• প্রথম গ্রেড: ৪৮ হাজার টাকা

• দ্বিতীয় গ্রেড: ৪৩ হাজার টাকা

• তৃতীয় গ্রেড: ৩৮ হাজার টাকা

• চতুর্থ গ্রেড: ৩২ হাজার টাকা

শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার জানান, খাদ্য, বাসাভাড়া, চিকিৎসা, শিক্ষা ও মূল্যস্ফীতির বিষয়টি বিবেচনায় নিয়ে এই প্রস্তাব দেওয়া হয়েছে। তাঁর মতে, চার সদস্যের একটি পরিবারের মাসিক ব্যয় ৪৫ থেকে ৬০ হাজার টাকা হলেও শিল্পের সক্ষমতা বিবেচনায় দাবি সমন্বয় করা হয়েছে।

অর্থনীতিবিদ ও শ্রম বিশেষজ্ঞদের মতে, শুধু মজুরির অঙ্ক কিংবা মালিকদের সক্ষমতার বিতর্কে আটকে থাকলে এই সংকটের স্থায়ী সমাধান হবে না। অর্থনীতিবিদ ড. মাহফুজ কবির বলেন, বর্তমান বাজারদরে ১২ হাজার ৫০০ টাকা মজুরিতে চার সদস্যের একটি পরিবারের মৌলিক চাহিদা মেটানো বাস্তবসম্মত নয়। অন্যদিকে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক ও শ্রম সংস্কার কমিশনের সদস্য সৈয়দ সুলতান উদ্দিন আহমেদের মতে, পোশাকশিল্পের প্রতিযোগিতার শক্তি হিসেবে কম মজুরির ওপর নির্ভরতার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। পাশাপাশি পণ্যের ন্যায্য মূল্য ও ক্রেতাদের সঙ্গে দর-কষাকষির সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেন বিশেষজ্ঞরা।

দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে তৈরি পোশাক খাত থেকে। প্রায় ৪০ লাখ মানুষের কর্মসংস্থানের এই বৃহৎ শিল্পে দীর্ঘস্থায়ী অস্থিরতা তৈরি হলে তা শুধু কারখানার উৎপাদনই ব্যাহত করবে না, বরং দেশের সামগ্রিক বৈদেশিক বাণিজ্য ও অর্থনীতিতেও বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।

(ঢাকাটাইমস/১৫ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় সেই পুলিশ সুপার গ্রেপ্তার
কক্সবাজারে ২ খাদ্য প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা, রায় অমান্য করায় আরও ২টির বিরুদ্ধে নিয়মিত মামলা
ভোররাতে কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন: এক তরুণের মৃত্যু, পুড়েছে ঘর ও দোকান
রোলার স্কেটিংকে অলিম্পিকে নিতে যা যা করা দরকার, সবই করব: কায়েস আহমেদ