অভিবাসী চোরাচালান রোধে সীমান্তে নজরদারিই যথেষ্ট নয়, নেপথ্যের অপরাধী চক্রের শিকড়ও খুঁজতে হবে: মনজুর মোর্শেদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ নভেম্বর ২০২৬, ২০:৩২
অ- অ+

অভিবাসী চোরাচালান প্রতিরোধে শুধু সীমান্তে নজরদারি বাড়ালেই চলবে না, এর পেছনে থাকা দালাল, মধ্যস্থতাকারী ও সংঘবদ্ধ অপরাধী চক্রের শিকড় খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

তিনি বলেছেন, অভিবাসী চোরাচালান একটি সংঘবদ্ধ ও আন্তঃদেশীয় অপরাধ। এ ধরনের অপরাধ মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে ভিসা ও কাগজপত্র জালিয়াতি এবং অপরাধী চক্রের কার্যক্রম শনাক্ত করে কার্যকর আইনি ব্যবস্থা নেওয়া জরুরি।

শনিবার ‘মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬’ কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামে আয়োজিত বিভাগীয় কর্মশালায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মনজুর মোর্শেদ চৌধুরী।

সিনিয়র সচিব বলেন, নতুন আইনে প্রথমবারের মতো অভিবাসী চোরাচালানকে পৃথক ও স্বতন্ত্র অপরাধ হিসেবে সংজ্ঞায়িত ও অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই মানবপাচার ও অভিবাসী চোরাচালানের মধ্যে পার্থক্য যথাযথভাবে চিহ্নিত করে অপরাধের ধরন অনুযায়ী তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়া গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, অনিয়মিত পথে বিদেশে যাওয়ার চেষ্টা করা প্রত্যেক ব্যক্তিকে অপরাধী হিসেবে বিবেচনা করা উচিত নয়। তাঁদের অনেকেই প্রতারণা, শোষণ কিংবা মানবপাচারের শিকার হতে পারেন। এ কারণে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সম্ভাব্য ভুক্তভোগীদের শনাক্ত, সুরক্ষা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ব্রিটিশ হাইকমিশন ও জাস্টিস অ্যান্ড কেয়ার, বাংলাদেশের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়। এতে অভিবাসী চোরাচালান, ভিসা ও কাগজপত্র জালিয়াতি, অপরাধী চক্র শনাক্তকরণ, ভুক্তভোগীদের সুরক্ষা এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় নিয়ে আলোচনা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও চট্টগ্রাম রেঞ্জ পুলিশের প্রতিনিধিরা এবং ব্রিটিশ হাইকমিশনের জাস্টিস অ্যান্ড হোম অ্যাফেয়ার্সবিষয়ক কাউন্সেলর রায়ান ডানকানসন ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও বহিরাগমন) ড. জিয়াউদ্দিন আহমেদ স্বাগত বক্তব্য দেন। আইন ও বিচার বিভাগের সলিসিটর উইংয়ের সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন নতুন আইনের বিভিন্ন বিধান তুলে ধরেন। চট্টগ্রামের সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান মামলার সঠিক তদন্ত ও যথাযথভাবে মামলা দায়েরের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

কর্মশালায় বক্তারা বলেন, বিদেশে কর্মসংস্থান ও অভিবাসনের সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন অপরাধী চক্র প্রতারণামূলক নিয়োগ, ভুয়া ভিসা ও কাগজপত্র তৈরি এবং অবৈধ পথে বিদেশে পাঠানোর মতো অপরাধ করছে। এসব অপরাধের নেটওয়ার্ক, অর্থনৈতিক লেনদেন, মধ্যস্থতাকারী ও সীমান্তপারের যোগসূত্র শনাক্ত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান এবং সমন্বিত পদক্ষেপ জোরদার করা প্রয়োজন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, বাসে আগুন
কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড আইসিটির কোর ট্রেইনারদের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত
যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ন্যাশনাল ইউনিভার্সিটি মেডিকেল সিটি প্রতিষ্ঠার উদ্যোগ