ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে গ্রামের মানুষ

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ নভেম্বর ২০২৬, ১৪:৪৯| আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১৪:৫১
অ- অ+

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তের ওপারে দুটি ভারতীয় চিতাবাঘের আনাগোনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাংলাদেশের সীমান্তবর্তী দুই গ্রামে। গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) ভোরে উপজেলার ধনতলা ইউনিয়নের শুভানপাড়া ও মণ্ডলপাড়া সীমান্তসংলগ্ন নাগর নদীর ওপারে ভারতের অভ্যন্তরে একটি চা-বাগানের পাশে বাঘ দুটিকে ঘুরে বেড়াতে দেখা যায়। বর্তমানে নাগর নদীতে পানি কম থাকায় চিতাবাঘ দুটি যেকোনো সময় বাংলাদেশের লোকালয়ে ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর ৬টার দিকে জুবায়ের আল আমিন নামের এক কিশোর সীমান্তের ৩৯৫ নম্বর মেইন পিলারের কাছে নাগর নদীতে জাল দিয়ে মাছ ধরতে যান। এ সময় নদীর ওপারে ভারতের ভেতরের একটি চা-বাগানে চিতাবাঘ দুটিকে ঘুরে বেড়াতে দেখেন তিনি। তাৎক্ষণিকভাবে লুকিয়ে নিজের মুঠোফোনে বাঘ দুটির ছবি ও ভিডিও ধারণ করেন জুবায়ের। পরে গ্রামে ফিরে সেগুলো দেখালে মুহূর্তেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর ছড়িয়ে পড়লে বাঘ দেখতে নদীর পাড়ে ভিড় করেন উৎসুক গ্রামবাসী। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ তীব্র হলে বাঘ দুটি চা-বাগানের ঘন ঝোপঝাড়ে লুকিয়ে যায়।

বাঘ দেখার পর থেকে সীমান্তবর্তী শুভানপাড়া, মণ্ডলপাড়াসহ আশপাশের গ্রামের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। আক্রমণের ভয়ে কৃষকেরা ফসলের মাঠে যেতে পারছেন না।

মণ্ডলপাড়া গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, ‘নদীতে এখন হাঁটুপানি। বাঘ দুটি যেকোনো সময় হেঁটে বা সাঁতরে এপারে চলে আসতে পারে। ভয়ে আমরা জমিতে কাজ করতে যেতে পারছি না। সন্ধ্যার পর ঘর থেকে বের হওয়াও মুশকিল হয়ে পড়েছে।’

শুভানপাড়া এলাকার বাসিন্দা গৃহবধূ সালেহা বেগম বলেন, ‘ছোট বাচ্চা আর গবাদিপশু নিয়ে আমরা চরম দুশ্চিন্তায় আছি। রাতে ঠিকমতো ঘুমাতে পারছি না—কখন জানি বাঘ গ্রামে ঢুকে পড়ে!’

এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বাঘ দুটি ভারতের সীমানার ভেতরে অবস্থান করায় আপাতত সরাসরি আতঙ্কিত হওয়ার তেমন কারণ নেই। তবে সীমান্ত এলাকার বাসিন্দাদের জানমালের নিরাপত্তায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং স্থানীয়দের সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/১৪ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দিনাজপুর সীমান্ত থেকে মাদকদ্রব্য ও নিষিদ্ধ সিরাপ জব্দ ​
পাকিস্তানের সিনেমা হল নিয়ে শাকিব খানের ভুল তথ্য!
বঙ্গোপসাগরে লঘুচাপ: দেশের ৩ বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
হজ ব্যবস্থাপনায় বাংলাদেশকে অগ্রাধিকার দেবে সৌদি আরব