নিজেকে ‘নন-পলাতক আ. লীগের’ সভাপতি দাবি করা সেই আইনজীবী পুলিশ হেফাজতে

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি দাবি করা আইনজীবী এম কামাল উদ্দিনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সিডিএ টেক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, স্থানীয় কয়েকজন বাসিন্দা ওই বাসায় গিয়ে তার সঙ্গে কথা বলেন। একপর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তাকে থানায় নেওয়া হয়।
শনিবার সকালে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ এসব তথ্য জানান।
তিনি বলেন, এম কামাল উদ্দিন কর্ণফুলীর স্থায়ী বাসিন্দা নন। তার বাড়ি সাতকানিয়া উপজেলায়। প্রায় দেড় মাস আগে তিনি সিডিএ টেক এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করেন।
ওসি বলেন, ‘তাকে কোনো মামলায় গ্রেপ্তার করা হয়নি। নিরাপত্তার স্বার্থে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে থানায় আগে থেকে কোনো লিখিত অভিযোগও ছিল না।’
স্থানীয় বাসিন্দাদের কোনো অভিযোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে নূর আহমেদ বলেন, কিছু অভিযোগ এসেছে। সেগুলো যাচাই করা হচ্ছে।
এম কামাল উদ্দিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। এর আগে তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্যানেল আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামে একটি কমিটি গঠনের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন তিনি। নিজেকে ওই কমিটির সভাপতি দাবি করে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাদের সমালোচনা করেন কামাল উদ্দিন।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিভিন্ন বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়েছে। ফেসবুক ও টিকটকে এসব ভিডিও শেয়ার করে অনেকে মন্তব্যও করেছেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













