সাভার-আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য ৪০ পোশাক কারখানা বন্ধ ঘোষণা মালিকপক্ষের

সাভার প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ নভেম্বর ২০২৬, ১৪:২৯
অ- অ+

পোশাকশ্রমিক অসন্তোষের মুখে ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে অন্তত ৪০টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। এ ছাড়া আজ শনিবার (১৪ নভেম্বর) সকালে শ্রমিকরা কারখানায় এসে হাজিরা দেওয়ার পরও কাজ করতে অস্বীকৃতি জানানোয় আরও চার থেকে পাঁচটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া শনিবার সকাল ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শিল্প পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ আইনে বলা হয়েছে, কোনো অবৈধ ধর্মঘটের ক্ষেত্রে মালিকপক্ষ প্রতিষ্ঠান বা এর কোনো অংশ আংশিক কিংবা পুরোপুরি বন্ধ রাখতে পারবেন এবং এ সময় ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকরা মজুরি পাওয়ার অধিকারী হবেন না।

বন্ধ ঘোষিত কারখানাগুলোর মধ্যে উল্লেখযোগ্য ৩০টি প্রতিষ্ঠান হলো—ফ্যাশন ডট কম, ক্রসওয়ার গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, ম্যাগপাই কম্পোজিট টেক্সটাইল লিমিটেড, ক্রসওয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, অ্যাকটিভ কম্পোজিট মিলস লিমিটেড, ন্যাচারাল ডেনিমস লিমিটেড, মান্তা অ্যাপারেলস লিমিটেড, এনভয় ফ্যাশন লিমিটেড, এনভয় ডিজাইন লিমিটেড, এআর জিন্স প্রডিউসার লিমিটেড, এফজিএস ডেনিম ওয়ার লিমিটেড, চান্তিক গার্মেন্টস লিমিটেড, অরুনিমা স্পোর্টস ওয়ার লিমিটেড, ডিএমসি অ্যাপারেলস লিমিটেড ও ডিএমসি ওয়াশিং লিমিটেড।

এ ছাড়া নিউএজ গার্মেন্টস লিমিটেড, নিউএজ অ্যাপারেলস লিমিটেড, কাইলক নিউএজ বাংলাদেশ লিমিটেড, রেডিয়্যান্স নীটওয়্যার লিমিটেড, তাহারাত কম্পোজিট লিমিটেড, এলপিএস অ্যাপারেলস লিমিটেড, আনাম গার্মেন্টস লিমিটেড, ঈগল টেক্সটাইল লিমিটেড, কন্টিনেন্টাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, জিহান গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, লুসাকা গ্রুপের সব কারখানা, সাউদার্ন গার্মেন্টস লিমিটেড, এস টোয়েন্টি ওয়ান গার্মেন্টস লিমিটেড, টেক্সটাউন লিমিটেড ও রাতুল নীটওয়্যার লিমিটেডও বন্ধ ঘোষণা করা হয়েছে।

শ্রম আইনের ১৩(১) ধারা প্রয়োগের ফলে শ্রমিকদের মধ্যে ক্ষোভ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গার্মেন্টস অ্যান্ড সোয়েটার্স ওয়ার্কার্স ট্রেড ইউনিয়ন সেন্টারের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু।

উল্লেখ্য, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ এবং শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধসহ বেশ কিছু দাবিতে গত কয়েক দিন ধরেই আশুলিয়া শিল্পাঞ্চলে বিক্ষোভ, কর্মবিরতি ও সড়ক অবরোধ করে আসছেন শ্রমিকরা। এর আগে গত মঙ্গলবারও পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় পুলিশ-শ্রমিকসহ অন্তত সাতজন আহত হন। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পাঞ্চলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এদিকে, তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় গত সোমবার শ্রমিক পক্ষ থেকে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। তবে মালিকপক্ষ কোনো প্রস্তাব না দিয়ে এক সপ্তাহের সময় চেয়েছে।

(ঢাকাটাইমস/১৪ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অক্টোবরে বিজিবির অভিযানে ২৭৩ কোটি ৩৭ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য জব্দ
নিজেকে ‘নন-পলাতক আ. লীগের’ সভাপতি দাবি করা সেই আইনজীবী পুলিশ হেফাজতে
স্বীকৃতি পেলেন সাংবাদিক রুহুল আমিন ভূঁইয়া
১৫০ বছর বাঁচতে চান পুতিন, গবেষণায় নামানো হলো ৭ হাজার বানর!