পাকিস্তানের সিনেমা হল নিয়ে শাকিব খানের ভুল তথ্য!

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ নভেম্বর ২০২৬, ১৪:৫২
অ- অ+

পাকিস্তানে প্রায় ১ হাজার ২০০টি সচল সিনেমা হল রয়েছে বলে দাবি করেছেন ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান। তবে দেশটির সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের সঙ্গে তার এই দাবির মিল পাওয়া যায়নি। পাকিস্তানে বর্তমানে সচল সিনেমা হলের সংখ্যা মাত্র ৪৮টি। এসব হলে কার্যকর পর্দার সংখ্যা ১১৫টি।

গত বৃহস্পতিবার ঢাকায় এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করতে গিয়ে শাকিব খান দেশটির সিনেমার বাজার নিয়ে এ তথ্য দেন।

শাকিব বলেন, পাকিস্তানের চলচ্চিত্রশিল্প সম্পর্কে আগে তার ধারণা খুব একটা ইতিবাচক ছিল না। তবে খোঁজ নিয়ে জানতে পেরেছেন, দেশটিতে প্রায় ১ হাজার ২০০টি সচল সিনেমা হল ও অনেক আধুনিক মাল্টিপ্লেক্স রয়েছে। সেখানে কোনো সিনেমা ব্যবসাসফল হলে ২০০ থেকে ৩০০ কোটি রুপি পর্যন্ত আয় করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

তবে পাকিস্তানের সংবাদমাধ্যমের তথ্য বলছে ভিন্ন কথা। ২০২৫ সালের ১৮ মার্চ দেশটির সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে ৪৮টি সিনেমা হলে কার্যকর পর্দার সংখ্যা ১১৫টি। প্রদর্শক নাদিম মান্দিভাল্লার দেওয়া নথির বরাত দিয়ে প্রতিবেদনটিতে এ তথ্য প্রকাশ করা হয়।

এর আগে ২০২৪ সালের ১০ এপ্রিল পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে জানায়, প্রায় ২৫ কোটি জনসংখ্যার দেশটিতে তখন আনুমানিক ৬০টি সিনেমা হল ও ১৫০টি পর্দা ছিল। অর্থাৎ, শাকিবের বলা ১ হাজার ২০০টি সচল সিনেমা হলের সঙ্গে দেশটির সংবাদমাধ্যমে প্রকাশিত পরিসংখ্যানের বড় ব্যবধান রয়েছে।

কেন কমেছে পাকিস্তানের সিনেমা হল

দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, পর্যাপ্ত সিনেমার অভাব, করোনার পর দর্শকদের সিনেমা দেখার অভ্যাসে পরিবর্তন এবং ভারতীয় সিনেমা প্রদর্শনে নিষেধাজ্ঞার কারণে পাকিস্তানের চলচ্চিত্র প্রদর্শন খাত সংকটে পড়েছে।

২০১৬ সালে ভারতীয় চলচ্চিত্র প্রযোজক সমিতি পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পর পাকিস্তানেও ভারতীয় সিনেমা প্রদর্শন বন্ধ হয়ে যায়। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে হৃতিক রোশনের ‘কাবিল’ সিনেমার মাধ্যমে নিষেধাজ্ঞা সাময়িকভাবে উঠে গেলেও ২০১৯ সালের ফেব্রুয়ারিতে দুই দেশের উত্তেজনার কারণে তা আবার কার্যকর হয়।

এ ছাড়া ডনের প্রতিবেদনে ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয়তা, টিকিটের উচ্চমূল্য ও বিনিয়োগের অভাবকে পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের সংকটের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

পাকিস্তানি অভিনেত্রীকে দেখা যেতে পারে ‘মোহাব্বত’ সিনেমায়

এদিকে পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের সঙ্গে কাজ করার আগ্রহের পাশাপাশি নিজের আসন্ন সিনেমা ‘মোহাব্বত’ নিয়েও কথা বলেছেন শাকিব খান। হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটিতে তার বিপরীতে একজন পাকিস্তানি অভিনেত্রীকে দেখা যেতে পারে। তবে এখনো নায়িকার নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দিনাজপুর সীমান্ত থেকে মাদকদ্রব্য ও নিষিদ্ধ সিরাপ জব্দ ​
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে গ্রামের মানুষ
বঙ্গোপসাগরে লঘুচাপ: দেশের ৩ বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
হজ ব্যবস্থাপনায় বাংলাদেশকে অগ্রাধিকার দেবে সৌদি আরব