শ্রমিক অসন্তোষের মধ্যে ১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি

ন্যূনতম মজুরি নির্ধারণের দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে দেশের ১৪৭টি তৈরি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান এ তথ্য জানিয়েছেন।
শনিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিজিএমইএ সভাপতি জানান, শ্রমিক অসন্তোষের কারণে আজও সাভার ও আশুলিয়া এলাকায় শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ৫৫টি কারখানা বন্ধ রাখতে হয়েছে। এ ছাড়া ৯২টি কারখানায় আংশিক উৎপাদন চলছে।
তিনি বলেন, তৈরি পোশাক খাতে একটি মহল উদ্দেশ্যমূলকভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এতে কারখানার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি দেশের প্রধান রপ্তানি আয়ের খাতও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
মাহমুদ হাসান খান বলেন, তৈরি পোশাকশিল্পে এ ধরনের অস্থিরতা অব্যাহত থাকলে মজুরি বোর্ডে বেতন বৃদ্ধির আলোচনা চালানো কঠিন হয়ে পড়বে। তবে আগামীকাল রবিবার মজুরি বোর্ডের সভায় মালিকপক্ষের উদ্যোক্তারা মজুরির প্রস্তাব উপস্থাপন করবেন।
শ্রমিক ফেডারেশনগুলোও চলমান পরিস্থিতি সামাল দিতে পারছে না বলে মন্তব্য করেন বিজিএমইএ সভাপতি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













