গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, বাসে আগুন

ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় বাসের ধাক্কায় মহিবুল মোল্লা (৪৫) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় আরও তিন পথচারী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় জনতা খুলনাগামী ফাল্গুনী পরিবহনের ওই এসি বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহিবুল মোল্লা সদর উপজেলার গোয়ালা চন্দ্রদিঘলিয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, মহিবুল মোল্লা চন্দ্রদিঘলিয়া হাট থেকে কেনাকাটা শেষে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ফাল্গুনী পরিবহনের একটি এসি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও তিন পথচারী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজন নিহত হয়েছেন। বিক্ষুব্ধ জনতার দেওয়া আগুন ফায়ার সার্ভিসের কর্মীরা নিয়ন্ত্রণে এনেছেন।
এদিকে, এ ঘটনার পর প্রায় দেড় ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
(ঢাকা টাইমস/১৪নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












