গ্যাসের চাহিদা মেটাতে ডিসেম্বর পর্যন্ত এলএনজি কেনা হয়েছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সংকটের মধ্যেও আগামী ডিসেম্বর পর্যন্ত দেশের চাহিদা মেটানোর মতো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, বর্তমানে দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল। আগামী জানুয়ারি মাসের জন্যও জ্বালানি কেনার পরিকল্পনা নেওয়া হবে।
শনিবার রাজধানীর একটি হোটেলে বণিক বার্তা আয়োজিত পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন-২০২৬ এ বক্তব্য দিতে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন। সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘বৈশ্বিক অনিশ্চয়তায় অর্থনীতির রোডম্যাপ, সামষ্টিক অর্থনীতি, বিনিয়োগ ও জ্বালানি নিরাপত্তার কৌশল’।
ইকবাল হাসান মাহমুদ বলেন, জ্বালানি সংকটের সময় ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ)–সংক্রান্ত সমস্যার কারণে দেশে গ্যাসের চাপ প্রায় অর্ধেকে নেমে এসেছিল। এতে বিদ্যুৎ উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। বন্ধ হয়ে যায় অনেক বিদ্যুৎকেন্দ্র। পাশাপাশি শিল্পকারখানাগুলোও ব্যাপক ভোগান্তিতে পড়ে।
পরিস্থিতি সামাল দিতে দীর্ঘমেয়াদি চুক্তির বাইরে স্পট মার্কেট থেকে বেশি দামে এলএনজি কিনতে হয় বলে জানান বিদ্যুৎমন্ত্রী। তিনি বলেন, সিঙ্গাপুরের বাজার থেকে কেনা এলএনজির দামও উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। আগে প্রতি ইউনিট এলএনজির দাম ১২ ডলার থাকলেও সর্বশেষ কেনাকাটায় তা ৩১ ডলারে পৌঁছায়।
মন্ত্রী বলেন, এলএনজির দাম বেড়ে যাওয়ায় গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন এবং তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদনের ব্যয় প্রায় সমান হয়ে যায়। এ কারণে পরিস্থিতি সামাল দিতে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের কয়েকটি ইউনিট চালু করা হয়।
বর্তমান পরিস্থিতি তুলে ধরে ইকবাল হাসান মাহমুদ বলেন, দেশে এখন গ্যাস সরবরাহ মোটামুটি স্থিতিশীল রয়েছে। গত প্রায় দুই সপ্তাহে লোডশেডিংয়ের পরিমাণও খুব কম ছিল। কোথাও কোথাও বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটলেও তা জ্বালানি সংকটের কারণে নয়, বরং কারিগরি ত্রুটির কারণে হয়েছে।
মন্ত্রী আরও বলেন, বর্তমান চাহিদা বিবেচনায় ডিসেম্বর পর্যন্ত গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় এলএনজি কেনা হয়েছে। এরপর জানুয়ারি মাসের জন্য জ্বালানি কেনার পরিকল্পনা নেওয়া হবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












