বগুড়ায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি, ৩১ ভরি স্বর্ণ লুটের দাবি

বগুড়ার সোনাতলায় মোয়াজ্জেম হোসেন মন্ডল (৭৫) নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
রবিববার (১৫ নভেম্বর) ভোরে উপজেলার দিগদাইড় ইউনিয়নের শিহিপুর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ সময় পরিবারের সদস্যদের জিম্মি করে ৩১ ভরি স্বর্ণালঙ্কার ও ছয় লাখ টাকা লুটের দাবি করেছেন মোয়াজ্জেম হোসেন মন্ডল।
মোয়াজ্জেম হোসেন বলেন, ভোরে পাঁচ থেকে সাতজনের একটি ডাকাত দল বাড়ির নিচতলার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে তারা। প্রথমে ডাকাতেরা তার ঘরে ঢুকে চার ভরি স্বর্ণালঙ্কার ও পাঁচ লাখ টাকা নিয়ে যায়। পরে তার বড় ছেলের স্ত্রী কামরুল নাহার নূরের ঘরে ঢুকে আলমারি ও ড্রয়ার ভেঙে ১৫ ভরি স্বর্ণালঙ্কার লুট করে। এ সময় ডাকাত দলের কয়েকজন দোতলায় গিয়ে ছোট ছেলের স্ত্রী মায়া খাতুনের ঘর থেকে ১২ ভরি স্বর্ণালঙ্কার ও এক লাখ টাকা নিয়ে যায়। পরে তারা পালিয়ে যায়।
মোয়াজ্জেম হোসেন আরও বলেন, সব মিলিয়ে ডাকাতেরা ৩১ ভরি স্বর্ণালঙ্কার ও ছয় লাখ টাকা লুট করেছে।
দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুল হক বলেন, তিনি ডাকাতির ঘটনাটি শুনেছেন। ঘটনাস্থল পরিদর্শনে যাবেন।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে স্বর্ণালঙ্কার ও টাকা লুটের ঘটনা ঘটেছে। তবে লুট হওয়া স্বর্ণের পরিমাণ নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। প্রাথমিকভাবে ২৫ থেকে ৩০ ভরি স্বর্ণালঙ্কার ও ছয় লাখ টাকা লুটের তথ্য পাওয়া গেছে।
ওসি আরও বলেন, এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। কাউকে আটকও করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(ঢাকা টাইমস/১৫নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










