শ্রীপুরে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা

গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের টেংরা-শ্রীপুর শাখায় গভীর রাতে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে ব্যাংকের কর্মকর্তা ও নৈশপ্রহরীর তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে ব্যাংক কর্তৃপক্ষ।
শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে টেংরা এলাকায় অবস্থিত ব্যাংকটির শাখায় এ ঘটনা ঘটে।
ব্যাংক সূত্রে জানা গেছে, দিনের কার্যক্রম শেষে কর্মকর্তারা কার্যালয় বন্ধ করে ভবনের ভেতরের আবাসিক কোয়ার্টারে চলে যান। রাতে দায়িত্বে ছিলেন নৈশপ্রহরী মো. ফরিদ। রাত ২টার দিকে তিনি কয়েকজন দুর্বৃত্তকে সীমানাপ্রাচীর টপকে ব্যাংক ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করতে দেখেন। এ সময় তারা আগুনের কুণ্ডলী তৈরি করে ভবনের গেটের ভেতরে ছুড়ে দেয়।
আগুন দেখতে পেয়ে নৈশপ্রহরী চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে সরে যায়। তার চিৎকার শুনে কোয়ার্টারে থাকা ব্যাংকের কর্মকর্তারা নিচে নেমে আসেন। পরে সবাই মিলে আগুন নিভিয়ে ফেলেন।
নৈশপ্রহরী মো. ফরিদ বলেন, রাতে তিনি ব্যাংকের নিচতলার একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ আগুন দেখতে পেয়ে চিৎকার দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে কর্মকর্তাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
শাখা ব্যবস্থাপক শাহাদাত হোসেন বলেন, ঘটনার পর রাতেই ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে এ ঘটনায় শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
(ঢাকা টাইমস/১৫নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












