মাদক পাচার ঠেকাতে মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বেড়া নির্মাণের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ নভেম্বর ২০২৬, ১৯:৫০
অ- অ+

মাদক উৎপাদন, সরবরাহ ও পাচার বন্ধে মাদক কারবারের উৎস চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রবিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠকে এসব বিষয় উঠে আসে। কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতি মাদক উৎপাদন, সরবরাহ ও পাচারের উৎস চিহ্নিত করে তা নির্মূলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক নেটওয়ার্ক এবং অপরাধলব্ধ অর্থের প্রবাহ তদন্তের সুপারিশ করেন তিনি।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, মাদক প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনো ধরনের নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ।

জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম সীমান্তে উন্নত প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, উন্নত দেশগুলোর মতো সীমান্তে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি ড্রোন নজরদারি কার্যক্রম বাড়াতে হবে।

অন্য হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, মাদকের ব্যবহার নিয়ন্ত্রণে সবার আগে প্রয়োজন সামাজিক বিপ্লব। এটি শুধু কোনো মন্ত্রণালয় বা একটি বাহিনীর দায়িত্ব নয়, বরং সমন্বিত জাতীয় দায়িত্ব।

বৈঠকে মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধ নির্মূলে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দ্রুত নিশ্চিত করার সুপারিশ করা হয়। এ ছাড়া মাদক প্রবেশের ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকা ও রুট চিহ্নিত করার বিষয়ে আলোচনা হয়।

মাদক চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বিত নজরদারি, অভিযান এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েও বিস্তারিত পর্যালোচনা করেন কমিটির সদস্যরা।

বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম ও মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মো. কামরুজ্জামান, মো. মনোয়ার হোসেন এবং শিরীন সুলতানা উপস্থিত ছিলেন।

এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালক, সংশ্লিষ্ট সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু
দুবাইয়ে প্রেম, আদালতে বিয়ে; কেরালা থেকে পীরগঞ্জে তরুণী
‘জাতীয় স্বার্থে গার্মেন্টস ইস্যুতে আলোচনা করতেই হবে’
সিরাজগঞ্জে হত্যা ও মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন