সংসদ সচিবালয়ে জনবল কাঠামোতে বড় পরিবর্তনের উদ্যোগ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৬ নভেম্বর ২০২৬, ১৬:৫০
অ- অ+

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের জন্য আধুনিক, দক্ষতাভিত্তিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন জনবল কাঠামো গড়ে তুলতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতা চেয়েছে জাতীয় সংসদ। এ লক্ষ্যে আগামী সাত দিনের মধ্যে জনবল কাঠামোর একটি প্রাথমিক রূপরেখা তৈরি করে দিতে ইউএনডিপিকে অনুরোধ জানিয়েছে সংসদ সচিবালয়-সংক্রান্ত কমিটি।

সোমবার সংসদ ভবনে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের জনবল-সংক্রান্ত বিষয়াদি নিয়ে গঠিত কমিটির তৃতীয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সভায় সংসদ সচিবালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণির ১৬টি এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির ১৫৫টি শূন্যপদ পূরণের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি আগের সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সভায় সরাসরি নিয়োগযোগ্য প্রথম শ্রেণির ১৫টি ও দ্বিতীয় শ্রেণির একটি পদসহ মোট ১৬টি শূন্যপদ দ্রুত পূরণের উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়। এ জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

সংসদ সচিবালয়ের নিয়োগ বিধিমালা, ১৯৯৪ যুগোপযোগী করার বিষয়েও সভায় আলোচনা হয়। বিশ্বের উন্নত গণতান্ত্রিক দেশগুলোর সংসদ সচিবালয়ের আদলে দক্ষতাভিত্তিক ও পেশাদার জনবল কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দেন কমিটির সদস্যরা।

সভায় বলা হয়, ভবিষ্যতের চাহিদা, প্রযুক্তিগত অগ্রগতি এবং সংসদীয় কার্যক্রমের ক্রমবর্ধমান প্রয়োজন বিবেচনায় নিয়ে একটি টেকসই ও দীর্ঘমেয়াদি জনবল কাঠামো তৈরি করতে হবে। এ জন্য স্বল্প ও মধ্যমেয়াদি পরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

সভায় কমিটির সদস্য হুইপ এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কাজী রফিকুল ইসলাম, মো. সেলিম রেজা ও মোসাম্মৎ শাম্মী আক্তার অংশ নেন। বিশেষ আমন্ত্রণে সভায় উপস্থিত ছিলেন হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান। এ ছাড়া সংসদ সচিবালয়ের সচিব, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ইউএনডিপির প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেমের টানে চীন থেকে রাজবাড়ী, করলেন মুসলিম রীতিতে বিয়ে
সোনারগাঁয়ে আওয়ামী লীগের ৯ নেতা গ্রেপ্তার
চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাস