‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’ চিরকুট লিখে কন্যার জন্মদিনে সেঞ্চুরি উৎসর্গ করলেন লিটন

জোহানেসবার্গ টেস্টে দুর্দান্ত ব্যাটিংয়ে ক্যারিয়ারের অষ্টম টেস্ট শতকের দেখা পেয়েছেন লিটন দাস। বিশেষ এই দিনটিতে পাওয়া সেঞ্চুরিটি তিনি উৎসর্গ করেছেন নিজের প্রাণপ্রিয় কন্যা আনায়রাকে। আজ সোমবার (১৬ নভেম্বর) ওয়ান্ডারার্স স্টেডিয়ামে প্রথম ইনিংসে ব্যক্তিগত ৯২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন লিটন। শতকের মাইলফলক ছুঁতে খুব একটা সময় নেননি এই ডানহাতি ব্যাটার। দিনের চতুর্থ ওভারেই দক্ষিণ আফ্রিকার পেসার মার্কো ইয়ানসেনের বলে দর্শনীয় পুল শটে চার মেরে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছে যান তিনি।
সেঞ্চুরি পূর্ণ করার পর মাঠে ভিন্নধর্মী ও হৃদয়স্পর্শী এক উদযাপনে মাতেন লিটন দাস। ব্যাট ও হেলমেট উঁচিয়ে ধরার পাশাপাশি নিজের পকেট থেকে একটি চিরকুট (কাগজ) বের করে ক্যামেরার সামনে মেলে ধরেন তিনি। সেই কাগজে মেয়ের উদ্দেশে লেখা ছিল— ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা, এই সেঞ্চুরিটা তোমার জন্য...।’
আজ সোমবার (১৬ নভেম্বর) তিন বছরে পা রাখল লিটন দাসের কন্যা আনায়রা। মেয়ের তৃতীয় জন্মদিনে বাবার পক্ষ থেকে এই সেঞ্চুরিটি নিঃসন্দেহে আজীবন মনে রাখার মতো এক সেরা উপহার হয়ে থাকল।
(ঢাকাটাইমস/১৬ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













