চাঁপাইনবাবগঞ্জ-ঝিনাইদহে কর্মবিরতিতে নিকাহ রেজিস্ট্রাররা, বন্ধ বিয়ে ও তালাক

বর্তমান কর্মরত নিকাহ রেজিস্ট্রারদের নিজ নিজ এলাকা বহাল রাখার দাবিতে এবং নতুন করে একাধিক রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ ও ঝিনাইদহে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। আজ সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচির ফলে দুই জেলাজুড়েই বিয়ে ও তালাক নিবন্ধনের সকল কার্যক্রম বন্ধ রয়েছে।
সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ঐক্য পরিষদ’ জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। এতে জেলার ৪৫টি ইউনিয়ন ও চারটি পৌরসভার সকল নিকাহ রেজিস্ট্রার অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, আইন মন্ত্রণালয় বর্তমান লাইসেন্সের এলাকা বিভাজন করে প্রতি ইউনিয়নে তিনজন, প্রতিটি পৌর ওয়ার্ডে একজন এবং সিটি করপোরেশনে প্রতি ওয়ার্ডে তিনজন করে নিকাহ রেজিস্ট্রার নিয়োগের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তকে ‘অযৌক্তিক ও হঠকারী’ আখ্যা দিয়ে তারা জানান, এমনিতেই ইউনিয়নে বার্ষিক বিয়ের সংখ্যা ও নগদ মোহরের পরিমাণ কম থাকায় রেজিস্ট্রাররা দীর্ঘদিন ধরে আর্থিক অনটনে রয়েছেন। এর মধ্যে নতুন নিয়োগ দিলে সংকট আরও তীব্র হবে। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি কাজী সেতাউর রহমান, সাধারণ সম্পাদক কাজী আব্দুল বারী, নির্বাহী সভাপতি কাজী মোজাম্মেল হক এবং পৌরসভার কাজী দুরুল আলমসহ জেলার অন্যান্য নিকাহ রেজিস্ট্রাররা।একই দাবিতে সোমবার ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কলম বিরতি পালন করেন ‘জেলা নিকাহ রেজিস্ট্রার সমিতি’র সদস্যরা।
সেখানে বক্তারা বলেন, বর্তমানে দেশের প্রতিটি ইউনিয়নে একজন করে নিকাহ রেজিস্ট্রার দায়িত্ব পালন করছেন। সরকার নতুন করে প্রতিটি ইউনিয়নে আরও দুজন করে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে একই এলাকায় একাধিক রেজিস্ট্রারের মধ্যে অযাচিত প্রতিযোগিতা বাড়বে এবং পুরোনো ও নতুন উভয় শ্রেণির রেজিস্ট্রাররাই চরম আর্থিক সংকটে পড়বেন। জনস্বার্থ এবং নিজেদের পেশাগত সুরক্ষার কথা বিবেচনা করে অবিলম্বে এই নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবি জানিয়েছেন দুই জেলার নিকাহ রেজিস্ট্রাররা।
(ঢাকাটাইমস/১৬ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













