টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ নভেম্বর ২০২৬, ২২:১২
অ- অ+

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার বাদী উপপরিদর্শক (এসআই) মোসলেম আলীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

রবিবার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার পাটগাতি বাজারে দায়িত্ব পালনকালে তার ওপর এ হামলার ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, রবিবার বিকেলে এসআই মোসলেম আলী পাটগাতি বাজারে দায়িত্ব পালন করছিলেন। এ সময় বেশ কয়েকজন দুর্বৃত্ত এসে তার ওপর হামলা চালায় এবং কুপিয়ে জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহত পুলিশ কর্মকর্তা মোসলেম আলী গত ১০ নভেম্বর টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও হামলার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার বাদী ছিলেন।

এর আগে, গত ১০ নভেম্বর গোপালগঞ্জে দিনভর তাণ্ডব চালান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ওই দিন সকাল থেকেই তারা লগি-বৈঠা, ঢাল-সড়কি ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন। এ সময় বিক্ষোভ, ভাঙচুরসহ বিভিন্ন সহিংসতার ঘটনা ঘটে। একপর্যায়ে হামলাকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যানে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন। এ ছাড়া পুলিশের ওপরও হামলা চালানো হয়।

এ ঘটনায় গত ১৩ নভেম্বর টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক মোসলেম আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন।

পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় দায়ের করা ওই মামলায় মোট ২ হাজার ২২৪ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ২২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ২ হাজার জনকে আসামি করা হয়েছে।

(ঢাকা টাইমস/১৫নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বাস্থ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর চিকিৎসক
বগুড়ায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি, ৩১ ভরি স্বর্ণ লুটের দাবি
গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে হামলা, অগ্নিসংযোগ
টাঙ্গাইলে মাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড