পদোন্নতি ও জ্যেষ্ঠতা নিয়ে বিরোধ, অস্থির জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৫ নভেম্বর ২০২৬, ২১:৪৮
অ- অ+

নিয়োগ, ক্যাডারভুক্তি, জ্যেষ্ঠতা ও পদোন্নতি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে। সরাসরি বিসিএসের মাধ্যমে নিয়োগ পাওয়া কর্মকর্তা এবং প্রকল্প ও নন-ক্যাডার থেকে আসা কর্মকর্তাদের মধ্যে এ বিরোধে অধিদপ্তরে অসন্তোষ ও হতাশা তৈরি হয়েছে। এর প্রভাব পড়ছে প্রশাসনিক কার্যক্রমেও।

নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করার দায়িত্বে থাকা গুরুত্বপূর্ণ এ অধিদপ্তরে বিরোধের সূত্রপাত ২০১৯ সালের একটি প্রজ্ঞাপনকে কেন্দ্র করে। ওই বছরের জানুয়ারিতে ৯৫ জন কর্মকর্তাকে জনস্বাস্থ্য প্রকৌশল ক্যাডারে অন্তর্ভুক্ত করা হলেও কয়েক মাসের মধ্যে সেই প্রজ্ঞাপন বাতিল করা হয়। পরে ২০২০ সালে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) স্থানীয় সরকার বিভাগকে জানায়, ওই কর্মকর্তাদের ক্যাডারভুক্তির সুপারিশসংক্রান্ত কোনো রেকর্ড কমিশনে পাওয়া যায়নি।

এর আগে ২০১২ সালে বিধিমালা ও শূন্যপদের অভাবে পিএসসির সুপারিশ পাওয়া ৩২ জন নন-ক্যাডার কর্মকর্তাকে ক্যাডারভুক্ত করার সুযোগ নাকচ করা হয়েছিল। অন্যদিকে, ২০১৯ সালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে নতুন করে ১৯৫টি ক্যাডার পদ সৃষ্টি করা হয়। তবে অভিযোগ রয়েছে, এসব পদ সৃষ্টির প্রজ্ঞাপনে পেছনের তারিখ থেকে কার্যকর করার কোনো নির্দেশনা ছিল না।

পরবর্তী সময়ে ২০২২ সালের ১৫ জুন ৯০ জন কর্মকর্তাকে রাজস্ব খাতে যোগদানের আগের তারিখ থেকে ক্যাডারভুক্ত করা হয়। এ নিয়ে বিসিএস কর্মকর্তাদের প্রশ্ন, যে সময়ে সংশ্লিষ্ট পদগুলোর অস্তিত্ব ছিল না, সেই সময় থেকে কীভাবে কর্মকর্তাদের ক্যাডারভুক্তির সুবিধা দেওয়া হলো? তাদের আরও অভিযোগ, ক্যাডারভুক্তির আদেশের পর মন্ত্রণালয়ে কোনো যোগদানপত্রও জমা দেওয়া হয়নি।

বিরোধের মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে পরবর্তী সময়ে ক্যাডারভুক্ত হওয়া কর্মকর্তাদের আগের চাকরিকাল জ্যেষ্ঠতা ও পদোন্নতির ক্ষেত্রে গণনা করা হবে কি না। এ নিয়ে বিরোধ গড়িয়েছে আদালত পর্যন্ত।

২০২২ সালে ৬৩ জন কর্মকর্তাকে নির্বাহী প্রকৌশলী পদে পদোন্নতি দেওয়া হয়। তবে পরবর্তী পদোন্নতির আগে পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতার তালিকা তৈরির শর্ত রাখা হয়েছিল। সরাসরি বিসিএসের মাধ্যমে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন। এতে তাদের মধ্যে পেশাগত হতাশা তৈরি হয়েছে।

কর্মকর্তাদের অভিযোগ, পিএসসি ও সরকারি নিয়োগবিধি অনুসরণ না করে ২০১৭ সালের আগের ৯০ জন প্রকল্প ও নন-ক্যাডার কর্মকর্তাকে ক্যাডারভুক্ত করা হয়েছে। এ ক্ষেত্রে তাদের রাজস্ব খাতে অন্তর্ভুক্তির তারিখেরও আগে থেকে ক্যাডারভুক্তির সুবিধা দেওয়া হয়। বিষয়টি নিয়ে বিসিএস পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ক্যাডার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সরকারের উচ্চপর্যায়ে লিখিত আপত্তি জানানো হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে একজন বিসিএস কর্মকর্তা বলেন, প্রচলিত বিধি অনুযায়ী, একজন নিয়মিত বিসিএস ক্যাডার কর্মকর্তাকে নবম গ্রেড থেকে ষষ্ঠ গ্রেডে (সিনিয়র স্কেল) পদোন্নতি পেতে বুনিয়াদি প্রশিক্ষণ, বিভাগীয় পরীক্ষা ও সিনিয়র স্কেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। এরপর আরও পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা অর্জন করলে তিনি পঞ্চম গ্রেডে পদোন্নতির যোগ্য হন।

ওই কর্মকর্তা বলেন, বিগত সরকারের সময়ে স্থানীয় সরকার বিভাগে কিছু পদ সৃষ্টি করে ২০১৭ সালের আগের ৯০ জন প্রকল্প ও নন-ক্যাডার কর্মকর্তাকে ক্যাডারভুক্ত করা হয়। ২০২২ সালে তাদের ক্যাডারভুক্তির আদেশে যোগদানের তারিখ স্পষ্ট করা হয়নি। সবচেয়ে বড় প্রশ্ন হলো, নিয়মিত বিসিএস কর্মকর্তারা ১০ বছর চাকরি করেও যেখানে নবম গ্রেডে আটকে আছেন, সেখানে ক্যাডারভুক্তির মাত্র তিন মাসের মধ্যে ওই কর্মকর্তাদের ৪৫ জনকে সরাসরি পঞ্চম গ্রেডে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়।

এ সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ বিসিএস কর্মকর্তারা ২০২২ সালে উচ্চ আদালতে মামলা করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মামলাটি এখনো বিচারাধীন। তাঁদের অভিযোগ, মামলা চলমান থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্মকর্তারা পঞ্চম গ্রেডের সুবিধা ভোগ করছেন। এমনকি ষষ্ঠ গ্রেডের সিনিয়র স্কেল পরীক্ষায় অংশ নেওয়ারও চেষ্টা করছেন তারা।

চাকরির বিধানাবলি বিষয়ক বইয়ের লেখক মোহাম্মদ ফিরোজ মিয়া বলেন, বিধিগতভাবে ক্যাডারভুক্তির মাত্র তিন মাসের মধ্যে কাউকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়ার সুযোগ নেই। এভাবে তড়িঘড়ি করে জ্যেষ্ঠতা নির্ধারণের কোনো আইনি ভিত্তি নেই বলেও তিনি দাবি করেন।

এদিকে, ২০২২ সালের ১৯ জুন বিসিএস পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ক্যাডার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তৎকালীন সিনিয়র সচিবের কাছে লিখিত আবেদন করা হয়। এতে ৯০ জন কর্মকর্তাকে ক্যাডারভুক্ত করার প্রজ্ঞাপন সংশোধনের আহ্বান জানানো হয়।

সংগঠনের সভাপতি বিলকিস আকতার ও সাধারণ সম্পাদক ইবনে মায়াজ প্রামাণিক স্বাক্ষরিত ওই আবেদনে বলা হয়, ২০১৯ সালে ক্যাডার পদ সৃষ্টির আগেই অস্তিত্বহীন ক্যাডার পদে ৯০ জন সহকারী প্রকৌশলীকে ভূতাপেক্ষভাবে ক্যাডারভুক্ত করা হয়েছে। এটি বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রকৌশল জনস্বাস্থ্য) গঠন ও ক্যাডার বিধিমালা, ১৯৮০-এর সঙ্গে সাংঘর্ষিক।

আবেদনে আরও বলা হয়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ক্যাডারভুক্ত পদের দুই-তৃতীয়াংশ সরাসরি নিয়োগের বিধান রয়েছে। অথচ ৯০ জনকে ভূতাপেক্ষভাবে ক্যাডারভুক্ত করার বিষয়ে বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের কোনো সুপারিশ ছিল না।

নাম প্রকাশ না করার শর্তে অধিদপ্তরের একাধিক প্রকৌশলী বলেন, রাজস্ব খাতে অন্তর্ভুক্তির তারিখেরও ১৮ বছর আগে থেকে ওই ৯০ জনকে ক্যাডারভুক্তির সুবিধা দেওয়ায় অধিদপ্তরের বর্তমান প্রধান প্রকৌশলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও তত্ত্বাবধায়ক প্রকৌশলীসহ অনেক কর্মকর্তা জ্যেষ্ঠতার তালিকায় পিছিয়ে পড়েছেন। এতে তাদের মধ্যে তীব্র অসন্তোষ ও হতাশা বিরাজ করছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতির বাড়ি ভাঙচুর-আগুন
এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সুখবর
রামপুরায় ‘ব্যবসা বন্ধ করিস নাই কেন’ বলেই গুলি, আহত ২
সুনামগঞ্জ সীমান্তে ঘোড়াসহ ৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ