আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্কতায় এসআরবি, বাড়ানো হয়েছে টহল-তল্লাশি

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে চেকপোস্ট, মোবাইল টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করেছে সংস্থাটি। বিশেষ করে সন্ধ্যার পর ও রাতে নিরাপত্তা কার্যক্রমে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে।
এছাড়া ডিসেম্বর মাস ঘিরে এখন পর্যন্ত বড় ধরনের কোনো নাশকতার আশঙ্কা দেখছে না এসআরবি। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ চলছে বলে জানিয়েছে সংস্থাটি।
রবিবার বিকালে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
তিনি বলেন, ডিসেম্বর ঘিরে এখন পর্যন্ত বড় ধরনের কোনো নাশকতার আশঙ্কা করা হচ্ছে না। তবে এসআরবি মাঠে রয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ চলছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে দেশবাসীকে আশ্বস্ত করেন তিনি।
ইন্তেখাব চৌধুরী বলেন, ২৪ ঘণ্টার মধ্যে যেসব সময়ে নাশকতার ঘটনা বেশি ঘটছে, সেগুলো বিশ্লেষণ করে ওই সময়গুলোতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সে অনুযায়ী মোবাইল টহল ও চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে। সন্ধ্যার পর ও রাতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি মোবাইল টহল ও পদযাত্রা টহল অব্যাহত রয়েছে।
খুলনার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে এসআরবির এই কর্মকর্তা বলেন, গত কিছুদিনে খুলনায় বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এসআরবি-৬-এর বিভিন্ন দল ইউনিফর্মে ও সাদাপোশাকে কার্যক্রম পরিচালনা করছে। বিভিন্ন অভিযানের মাধ্যমে অপরাধী ও অস্ত্রধারীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
তিনি বলেন, গত কয়েক দিনে খুলনায় এসআরবির বেশ কয়েকটি অভিযান সফল হয়েছে। সব অভিযানের তথ্য সংবাদ সম্মেলনে তুলে ধরা সম্ভব হয়নি। অপরাধ ও হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক চেষ্টা চলছে।
অনলাইনে অপতথ্য ঠেকাতে নজরদারি
অনলাইন প্ল্যাটফর্মে অপতথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা ঠেকাতেও নজরদারি চালাচ্ছে এসআরবি। এ বিষয়ে ইন্তেখাব চৌধুরী বলেন, এসব কর্মকাণ্ড পর্যবেক্ষণে সংস্থাটির সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক কাজ করছে। কোনো তথ্য পাওয়ার পর তা যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় আনতে অভিযানিক দল কাজ করছে।
অপরাধীদের রাজনৈতিক পরিচয় কিংবা কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে গোয়েন্দা তথ্য জানতে চাইলে তিনি বলেন, গোয়েন্দা তথ্য প্রকাশ্যে জানানো সম্ভব নয়। কোনো অপরাধ সংঘটনের তথ্য পাওয়ার পরপরই গোয়েন্দা দল কাজ শুরু করে। পাশাপাশি অভিযানিক দল মাঠপর্যায়ে গিয়ে চাক্ষুষ প্রমাণ, সাক্ষ্য, তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন আলামত সংগ্রহ করে। সব তথ্য যাচাই-বাছাইয়ের পর অভিযান পরিচালনা করা হয়।
বিস্ফোরণে জড়িতদের শনাক্তে চেষ্টা
সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের বিষয়ে এসআরবির এই কর্মকর্তা বলেন, ঘটনাগুলোর তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে নাশকতাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি চেকপোস্টগুলোতে মোটরসাইকেল আরোহী এবং তাদের সঙ্গে থাকা ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র তল্লাশিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
ঢাকা শহরকে পুরোপুরি নিরাপত্তার নিশ্ছিদ্র চাদরে ঢেকে রাখা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, ঢাকা অনেক বড় শহর। তবে এসআরবি, বাংলাদেশ পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













