ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

দিনাজপুরের বিরল ও ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব পণ্যের সিজার মূল্য ৬ লাখ ৯৮ হাজার ৫০০ টাকা।
শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ ভান্ডারা ও চাপসার বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।
রবিবার (১৫ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান।
বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৪৭ বোতল ভারতীয় মদ, ১ হাজার ৮৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ২৭০টি মাউথ স্পিকার, ১৮০টি মোবাইল নেটওয়ার্ক আইসি এবং ২৩৫ পিস মোবাইল চার্জার পিন জব্দ করা হয়।
সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি পণ্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এসব অবৈধ কর্মকাণ্ডে জড়িত চোরাচালানি চক্রের সদস্যদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানি পণ্য প্রবেশের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। অপরাধী চক্র যত কৌশলই অবলম্বন করুক না কেন, তাদের অপতৎপরতা রোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালানে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
(ঢাকা টাইমস/১৫নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











