কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় বদল আসছে, প্রশ্নে যুক্ত হতে পারে সৃজনশীল অংশ

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা পদ্ধতিতে সংস্কারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। ভর্তি পরীক্ষার প্রশ্নের মানোন্নয়ন, শিক্ষার্থীদের প্রকৃত মেধা যাচাই, সব আসনে শিক্ষার্থী ভর্তি এবং ভর্তি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমাতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
আগামী ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে নতুন পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজনের লক্ষ্যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের নিয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
রবিবার (১৫ নভেম্বর) ইউজিসিতে দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ প্রস্তাব দেন। এ জন্য উপাচার্যদের সুপারিশ চেয়েছেন ইউজিসি চেয়ারম্যান।
সভায় জানানো হয়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছের স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম আগামী জানুয়ারি থেকে শুরু করার পরিকল্পনা রয়েছে। ভর্তি পরীক্ষা আয়োজন করা হতে পারে ফেব্রুয়ারি থেকে।
সভায় উপাচার্যরা জানান, কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় প্রতিবছর প্রায় এক লাখ শিক্ষার্থী অংশ নেন। তবে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি এবং বিষয় পরিবর্তন বা মাইগ্রেশন প্রক্রিয়া শেষ করতে প্রায় চার মাস সময় লাগে। এতে বিশেষ করে নতুন কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে আসন পূরণে জটিলতা তৈরি হয়। পাশাপাশি একাডেমিক কার্যক্রম শুরু করতেও বিলম্ব হয়।
জবাবে ইউজিসি চেয়ারম্যান বলেন, ভর্তি প্রক্রিয়ার কারণে কোনো আসন খালি রাখা যাবে না। নির্ধারিত সময়ে একাডেমিক কার্যক্রম শুরু ও শেষ করতে হবে। ভর্তি পরীক্ষার প্রশ্ন এমন মানের হতে হবে, যাতে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান, প্রকৃত মেধা ও বিশ্লেষণী দক্ষতা যাচাই করা যায়।
ভর্তি পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্নের পাশাপাশি সৃজনশীল প্রশ্ন অন্তর্ভুক্ত করা, বিশ্লেষণী দক্ষতা যাচাই এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএর গুরুত্ব নির্ধারণের বিষয়েও সভায় আলোচনা হয়।
পাঠ্যক্রম ও শিক্ষকসংকট নিয়েও আলোচনা
ভর্তি পদ্ধতির সংস্কারের পাশাপাশি কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রম আধুনিকায়ন ও সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়েছেন উপাচার্যরা। কৃষিসংশ্লিষ্ট বিষয়গুলোর পাঠ্যক্রম প্রণয়ন ও হালনাগাদে অভিন্ন নির্দেশিকা তৈরি এবং কৃষি ডিগ্রির মধ্যে সামঞ্জস্য আনার প্রস্তাব দেন তারা।
শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি বাড়াতে পাঠ্যক্রমে ক্যারিয়ার উন্নয়ন, গবেষণাপদ্ধতি ও গণিতবিষয়ক কোর্স যুক্ত করার পরামর্শও দেওয়া হয়।
ইউজিসি চেয়ারম্যান বলেন, উচ্চশিক্ষার পাঠ্যক্রমকে আধুনিক ও কর্মমুখী করতে শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর সম্পৃক্ততা বাড়াতে হবে। পাঠ্যক্রম প্রণয়ন ও হালনাগাদে শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের যুক্ত করতে হবে। আগামী শিক্ষাবর্ষে পাঠ্যক্রম আধুনিকায়নে বিশ্ববিদ্যালয়গুলো কী উদ্যোগ নিয়েছে, তা জানতে চাওয়া হবে।
সভায় কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকসংকট, বিশেষ করে নতুন চারটি কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের বিষয়েও আলোচনা হয়। শিক্ষক নিয়োগে কেন্দ্রীয় নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করা যায় কি না, সে প্রস্তাব দেন কয়েকজন উপাচার্য।
এ ছাড়া শিক্ষকস্বল্পতা মোকাবিলায় অন্য বিশ্ববিদ্যালয়ের যোগ্য শিক্ষকদের এক বছরের জন্য ফেলোশিপের আওতায় সাময়িক দায়িত্ব দেওয়া, অবসরপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষকদের কাজে লাগানো এবং বিদেশের বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রবাসী বাংলাদেশি শিক্ষকদের দেশে পাঠদানে সম্পৃক্ত করার প্রস্তাব আসে।
এ ক্ষেত্রে ছুটি, বিমানভাড়া, সম্মানী ও দায়িত্ব পালনের শর্ত নির্ধারণে নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। নতুন শিক্ষকদের বুনিয়াদি প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতা উন্নয়নের ওপরও গুরুত্ব দেওয়া হয়।
পাঁচ বছরে শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ বাড়ানোর পরিকল্পনা
বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর জন্য আগামী পাঁচ বছরের মধ্যে ইন্টার্নশিপের সুযোগ সম্প্রসারণের পরিকল্পনার কথা জানান ইউজিসি চেয়ারম্যান।
তিনি বলেন, ইন্টার্নশিপ বাধ্যতামূলক ও বেতনভিত্তিক করার পাশাপাশি এ ক্ষেত্রে শুধু সরকারি অর্থায়নের ওপর নির্ভর না করে শিল্পপ্রতিষ্ঠান ও নিয়োগদাতাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এ জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় বাড়ানোর পরামর্শ দেন তিনি।
উচ্চশিক্ষার সঙ্গে কর্মসংস্থানের সংযোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন অধ্যাপক মামুন আহমেদ। বিশ্বব্যাংকের সম্প্রতি প্রকাশিত ‘ডেমোগ্রাফিক চেঞ্জ ইন সাউথ এশিয়া: ফ্রম টেইলউইন্ডস টু হেডউইন্ডস ফর ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রতিবেদনের তথ্য তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে ৬০ শতাংশের বেশি স্নাতক ডিগ্রিধারী তরুণ যোগ্যতা অনুযায়ী চাকরি না পেয়ে অনানুষ্ঠানিক খাতে কাজ করতে বাধ্য হচ্ছেন।
এ কারণে তাদের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ পরিস্থিতি মোকাবিলায় উচ্চশিক্ষার মানোন্নয়ন, কর্মমুখী দক্ষতা বৃদ্ধি, গবেষণা এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে।
গবেষণায় জোর দেওয়ার আহ্বান
বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন সমস্যা গবেষণার মাধ্যমে সমাধানের আহ্বান জানান ইউজিসি চেয়ারম্যান। ভর্তি পরীক্ষা পদ্ধতির উন্নয়ন, শিক্ষকসংকট নিরসন ও পাঠ্যক্রম আধুনিকায়নসহ সমস্যাগুলো চিহ্নিত করে কার্যকর সমাধানের উদ্যোগ নিতে উপাচার্যদের প্রতি আহ্বান জানান তিনি।
গবেষণার জন্য পৃথক অর্থ বরাদ্দ, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগ এবং গবেষণার ফল বাস্তবে প্রয়োগের ক্ষেত্রে ইউজিসি সহযোগিতা করবে বলেও জানান তিনি।
অধ্যাপক মামুন আহমেদ বলেন, শুধু কিউ১ ও কিউ২ মানের সাময়িকীতে গবেষণাপত্র প্রকাশের ওপর গুরুত্ব না দিয়ে দেশের কৃষি, অর্থনীতি ও সমাজের বাস্তব সমস্যা সমাধানে কার্যকর গবেষণায় মনোযোগ দিতে হবে।
গত ৫০ বছরে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা দেশের অর্থনীতি ও সামাজিক জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে নিজেদের সমস্যার সমাধানেও গবেষণার ওপর নির্ভর করতে হবে।
সভায় ইউজিসি সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, অধ্যাপক মো. আবদুল্লাহ আল-মামুন, অধ্যাপক ড. মো. আসলাম হোসেন, ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম এবং পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এতে দেশের ১০টি কৃষি ও কৃষিপ্রধান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা অংশ নেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













