শাহজালালে যাত্রীর রেক্টামে চারটি ‘সোনার ডিম’, অন্তর্বাসে স্বর্ণের পেস্ট

শরীরের ভেতরে রেক্টামে লুকানো চারটি ডিম্বাকৃতির বস্তু। আর পরনের অন্তর্বাসে মাখানো স্বর্ণসদৃশ পেস্ট। এভাবে অভিনব কৌশলে স্বর্ণ পাচারের চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি দুবাইফেরত এক যাত্রীর। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েছেন তিনি।
রবিবার (১৫ নভেম্বর) ভোরে বিমানবন্দরে ওই যাত্রীর কাছ থেকে প্রায় এক কেজি ওজনের স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। উদ্ধার করা এসব বস্তুর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।
আটক যাত্রীর নাম হাসান মিয়া। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। রবিবার ভোর ৪টা ২৫ মিনিটে দুবাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৪২ ফ্লাইটে ঢাকায় আসেন তিনি।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই যাত্রীর ওপর নজরদারি করা হচ্ছিল। পরে বিমানবন্দরে তার এক্স-রে পরীক্ষা করা হলে রেক্টামের ভেতরে স্বর্ণসদৃশ বস্তু থাকার বিষয়টি শনাক্ত হয়।
এরপর তার শরীর থেকে প্রায় ৯০০ গ্রাম ওজনের চারটি ডিম্বাকৃতির বস্তু উদ্ধার করা হয়। এ ছাড়া তার পরিহিত অন্তর্বাসের কাপড়ে মাখানো অবস্থায় পাওয়া যায় আনুমানিক ১০০ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট। সব মিলিয়ে উদ্ধার করা বস্তুর ওজন প্রায় এক কেজি।
তবে উদ্ধার করা বস্তুগুলোতে প্রকৃত স্বর্ণের পরিমাণ কত এবং সেগুলোর বিশুদ্ধতা কেমন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরীক্ষা ও পরিশোধন শেষে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রাথমিক ধারণা, এ ঘটনার সঙ্গে একটি সংঘবদ্ধ আন্তদেশীয় চোরাচালান চক্র জড়িত থাকতে পারে।
চক্রটির সদস্য এবং এর নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্ত করতে অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে অধিদপ্তর। প্রয়োজনে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী বিদেশি কাস্টমস গোয়েন্দা সংস্থা ও আন্তর্জাতিক সহযোগিতা কাঠামোর সহায়তাও নেওয়া হতে পারে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













