বৈষম্যবিরোধী ছাত্র সমাজের পরিচয়ে স্কুল ও মার্কেট দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ নভেম্বর ২০২৬, ১৩:৪৭
অ- অ+

রাজধানীর মিরপুরে দক্ষিণ বিশিল আদর্শ বিদ্যানিকেতন ও এর পাঁচতলা ভবনের মার্কেট দখলের অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের পরিচয় ব্যবহারকারী একটি পক্ষের বিরুদ্ধে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের পরিচালনা পর্ষদকে সরিয়ে নতুন কমিটি গঠন, মার্কেটের ভাড়া আদায় করে আত্মসাৎ এবং সাবেক সভাপতি ও সদস্যদের হুমকি-হয়রানি করার অভিযোগ করেছেন প্রতিষ্ঠানের সাবেক পরিচালনা পর্ষদের সদস্যরা।

রবিবার দুপুর ১২টায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি রুনু আক্তার। তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা কামাল হোসেন বরকতের বোন আনোয়ারা খাতুন।

লিখিত বক্তব্যে বলা হয়, ১৯৮৮ সালে গণপূর্ত বিভাগ থেকে বরাদ্দ পাওয়া ১৬ কাঠা জমিতে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সহায়তায় মিরপুরের সমাজসেবক ও শিক্ষানুরাগী কামাল হোসেন বরকত দক্ষিণ বিশিল আদর্শ বিদ্যানিকেতন প্রতিষ্ঠা করেন। শুরু থেকেই বিনা বেতনে শিক্ষাদান এবং রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছিল।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন বিএনপির সাবেক নেতা ও মিরপুরের সাবেক কমিশনার শওকত আলী মিস্টার। ২০০২ সালে তার মৃত্যুর পর স্ত্রী রুনু আক্তার সভাপতির দায়িত্ব পান। তিনিও দুইবারের সাবেক কমিশনার।

আনোয়ারা খাতুন অভিযোগ করেন, ২০২৪ সালের ২৩ আগস্ট বিদ্যালয়ের কার্যক্রম চলাকালে বেলা ১১টার দিকে একদল ব্যক্তি প্রতিষ্ঠানের প্রধান ফটকের সামনে জড়ো হন। পরে নিরাপত্তাকর্মীকে মারধর করে তারা ভেতরে প্রবেশ করেন। বৈষম্যবিরোধী ছাত্র সমাজের পরিচয় দিয়ে অমিত হাসান, রিফাতুল হক শাওন, মাসুদ রানা, সানজিদ হোসেন, সাদমান হোসেন, আসমা আক্তার পপি, আসাদ কামাল পিটার, বুশরা বিনতে বরকত ও এম এ আরজুসহ কয়েকজন প্রতিষ্ঠানের সভাপতি ও সদস্যদের ওপর হামলা, মারধর ও গালাগাল করেন। একপর্যায়ে ভয়ভীতি দেখিয়ে তাঁদের প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়।

তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর প্রতিষ্ঠানের ৪৮ জন স্থায়ী সদস্যকে বাদ দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের নাম ব্যবহার করে নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে আসমা আক্তার পপিকে সভাপতি এবং আসাদ কামাল পিটারকে শিক্ষা সম্পাদক করা হয়েছে। অথচ তারা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাকাল থেকে ২০২৪ সালের ২৩ আগস্ট পর্যন্ত সদস্য ছিলেন না। নতুন কমিটিতে কয়েকজনকে তাদের সম্মতি ছাড়াই অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে রুনু আক্তার বলেন, বিদ্যালয়ের ভবন ঘিরে থাকা দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে পাওয়া ভাড়ার টাকা দিয়ে শিক্ষক-কর্মচারীদের বেতন, প্রতিষ্ঠানের পরিচালন ব্যয়সহ বিভিন্ন খরচ মেটানো হতো। কিন্তু প্রতিষ্ঠানটি দখলের পর দোকানমালিক ও ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে ভাড়া আদায় করা হচ্ছে। সেই অর্থের হিসাবও দেওয়া হচ্ছে না।

এ ছাড়া বিদ্যালয়ের কয়েকটি কক্ষ ব্যক্তিগত কাজে ব্যবহার এবং সেখানে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ করেন তিনি। ভবনের ছাদে আড্ডা, মাদক সেবন এবং বিভিন্ন ব্যক্তিকে আটকে রেখে মারধরের ঘটনাও ঘটছে বলে দাবি করেন রুনু আক্তার।

তিনি বলেন, এসব ঘটনার কারণে প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও পুরোনো পরিচালনা পর্ষদকে বাদ দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। সদস্যদের হুমকি দেওয়া হচ্ছে। এ অবস্থায় ঘটনার নিরপেক্ষ তদন্ত, মার্কেটের ভাড়া আদায়ের হিসাব প্রকাশ এবং প্রতিষ্ঠানটি আগের বৈধ পরিচালনা পর্ষদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ভুক্তভোগী সদস্যরা অভিযোগ করেন, শিক্ষাপ্রতিষ্ঠান দখল ও সেখানে অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে দারুস সালাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলেও তারা সহযোগিতা পাননি। এ বিষয়ে জানতে চাইলে থানা পুলিশ জানায়, দুই পক্ষের বিরোধের বিষয়টি নিয়ে কাজ চলছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করেও এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান রুনু আক্তার ও অন্য সদস্যরা। তাদের দাবি, কেন্দ্রীয় নেতারা দক্ষিণ বিশিল আদর্শ বিদ্যানিকেতন দখলের বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন।

এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, ‘এ বিষয়টি সম্পর্কে আমি জানি না। বৈষম্যবিরোধী ছাত্র সমাজ নামে কোনো সংগঠন নেই। যেহেতু আমি এ বিষয়ে অবগত নই এবং জড়িত ব্যক্তিদের চিনতে পারছি না, তাই কোনো মন্তব্য করতে চাই না।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বর্তমান কমিটির সভাপতি আসমা আক্তার পপি বলেন, সংবাদ সম্মেলনে করা অভিযোগ ভিত্তিহীন। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা কামাল হোসেন বরকত তার স্বামী। ওয়ারিশ সূত্রে তিনি প্রতিষ্ঠানের সভাপতি হয়েছেন। ওয়ারিশ হলে স্থায়ী সদস্য হওয়ার প্রয়োজন নেই বলেও দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের ৪৮ জন স্থায়ী সদস্যের মধ্যে আনোয়ার হোসেন, লিয়াকত আলী, তাহমিনা হক, মো. ইকবাল হোসেন ও সিদ্দিকুর রহমান সবুজসহ ৩৮ জন উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
রংপুরে টাকা লুটের চেষ্টায় চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা, চালক-সুপারভাইজার আটক
মার্কিন-ভারত কূটনীতিকদের সঙ্গে বৈঠকের পর ঢাকায় রহস্যজনক সফরে পিটার হাস
পুলিশ সদস্যদের সতর্ক ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ ডিআইজি মোস্তাফিজুরের