কক্সবাজারে ২ খাদ্য প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা, রায় অমান্য করায় আরও ২টির বিরুদ্ধে নিয়মিত মামলা

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৭
অ- অ+

কক্সবাজার সদর উপজেলায় ভ্রাম্যমাণ ও সংক্ষিপ্ত বিচারিক অভিযান পরিচালনা করে দুটি খাদ্য প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত। এ ছাড়া আদালতের রায় অমান্য এবং অভিযানে অসহযোগিতা করায় আরও দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল শনিবার (১৪ নভেম্বর) কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট (বিশুদ্ধ খাদ্য আদালত) এস. এম. গিয়াসউদ্দিনের নেতৃত্বে সদর উপজেলার বিভিন্ন খাদ্য প্রতিষ্ঠানে এই সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালিত হয়।

৬ লাখ টাকা জরিমানা গুনল যে দুটি প্রতিষ্ঠান

জামান হোটেল এন্ড রেস্টুরেন্ট: প্রতিষ্ঠানটিতে অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন, একই ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবার সংরক্ষণ এবং কীটপতঙ্গের উপস্থিতি পাওয়া যায়। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। স্বপ্ন সুপার শপ: প্রতিষ্ঠানটির স্টোরেজে একই ফ্রিজে কাঁচা মাছ, মাংস ও ফল সংরক্ষণ, মাছ কাটার অপরিষ্কার চপিং বোর্ড ব্যবহার এবং যথাযথ লেবেলিং ছাড়া খাদ্যদ্রব্য সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

রায় অমান্য করায় ২ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা

চৌরঙ্গী বেকারি: অত্যন্ত নোংরা পরিবেশে খাবার উৎপাদন, খবরের কাগজে খাদ্যদ্রব্য সংরক্ষণ, ক্ষতিকর হাইড্রোজ ও ভেজাল ঘি উৎপাদন, ময়লা কাপড়ে ঢেকে দই তৈরি, খোলা ডাস্টবিন এবং রান্নাঘর ও স্টোররুমের মাঝে শৌচালয় থাকার মতো গুরুতর অনিয়ম পাওয়া যায়। এসব অপরাধে আদালত ২৩ ও ৩৩ ধারা অনুযায়ী ৮ লাখ টাকা জরিমানা ঘোষণা করেন। তবে আদালতের রায় অমান্য ও অভিযানে অসহযোগিতা করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের ব্যবস্থা নেওয়া হয়েছে। কাসুন্দী রেস্তোরাঁ লিমিটেড: প্রতিষ্ঠানটির ফ্রিজে পচা মাছ, বাসি খাবার ও মেয়াদোত্তীর্ণ টক দই সংরক্ষণ, অনুমোদনহীন রং ও চেরি ফলের নামে করমচা ব্যবহার, উন্মুক্ত ডাস্টবিন এবং লেবেলবিহীন পণ্যের প্রমাণ মেলে। নিরাপদ খাদ্য আইনের ৩৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হলেও রায় অমান্য ও অসহযোগিতার কারণে তাদের বিরুদ্ধেও নিয়মিত মামলা দায়েরের পদক্ষেপ নেওয়া হয়েছে।

অভিযানে অংশগ্রহণকারী দল

এই বিচারিক কার্যক্রমে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কক্সবাজার জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শকগণ অংশ নেন। এ ছাড়া এসআরবি-১৫, ব্যাটালিয়ন আনসার এবং কক্সবাজার জেলা পুলিশের তিনটি চৌকস দল অভিযানে সার্বিক সমন্বয় ও নিরাপত্তা নিশ্চিত করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

(ঢাকাটাইমস/১৫ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভোররাতে কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন: এক তরুণের মৃত্যু, পুড়েছে ঘর ও দোকান
রোলার স্কেটিংকে অলিম্পিকে নিতে যা যা করা দরকার, সবই করব: কায়েস আহমেদ
জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে আজ, আলোচনায় দ্রব্যমূল্য ও পোশাকশিল্প
যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার নিহত