নিরাপত্তা নিয়ে প্রশ্নে ববি হাজ্জাজের জবাব, ‘আমি হোম মিনিস্টার না’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ নভেম্বর ২০২৬, ২২:০৪
অ- অ+

রাজধানীর মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি হোম মিনিস্টার না। এটা র‍্যাবের প্রেস ব্রিফিং বা প্রেস কনফারেন্স না। আমরা আমাদের টপিকে থাকি।’

শনিবার রাজধানীর মোহাম্মদপুরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, সিসিটিভি নজরদারি ও আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে ববি হাজ্জাজ বলেন, বৃহত্তর মোহাম্মদপুর এলাকা অনেক বড়। এ কারণে পুলিশের যে কয়টি টহল গাড়ি রয়েছে, সেগুলো দিয়ে পুরো এলাকায় কার্যকর নজরদারি করা কঠিন। এ সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, মোহাম্মদপুর থানাকে এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি বিহারি ক্যাম্পের প্রবেশ ও বের হওয়ার পয়েন্টগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পুলিশের টহলও বাড়ানো হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, এখন প্রায়ই দেখা যাচ্ছে, কেউ দৌড়াচ্ছে আর পেছনে পুলিশের সদস্যরা তাকে ধাওয়া করছেন। এ ধরনের তৎপরতা আগে নিয়মিত দেখা যেত না। তবে এক রাতেই সব সমস্যার সমাধান সম্ভব নয়।

বিহারি ক্যাম্পের পুনর্বাসন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগের কথা জানিয়ে ববি হাজ্জাজ বলেন, এসব পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে অল্প কয়েক বছরের মধ্যে এ ধরনের সমস্যা থাকবে না।

এ সময় এক সাংবাদিক সিসিটিভি ক্যামেরা স্থাপনের পাশাপাশি সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি তুলে ধরেন। ক্যামেরা ভাঙচুর বা চুরি হলে নজরদারি ব্যবস্থা কীভাবে কার্যকর থাকবে, সে প্রশ্নও করেন তিনি। পাশাপাশি সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যুর প্রসঙ্গ তুলে র‍্যাবের ভূমিকা নিয়ে প্রশ্ন করেন ওই সাংবাদিক।

জবাবে ববি হাজ্জাজ বলেন, ‘আমি হোম মিনিস্টার না। এটা র‍্যাবের প্রেস ব্রিফিং বা প্রেস কনফারেন্স না। আমরা আমাদের টপিকে থাকি। আজ এখানে (র‍্যাবের) যারা আছেন, তাদের দায়িত্বের এলাকার ভেতরের বিষয় নিয়েই আলোচনা করি।’

মোহাম্মদপুরে পুলিশের টহল বাড়ানোর পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, এলাকার বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করে টহল গাড়ির ব্যবস্থা করা হচ্ছে। অংশীজনেরা গাড়িগুলো কিনে ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) দেবেন। এ ক্ষেত্রে তার কোনো আর্থিক সংশ্লিষ্টতা থাকবে না। ডিএমপির মাধ্যমে গাড়িগুলো সংশ্লিষ্ট থানায় দেওয়ার ব্যবস্থা করবেন তিনি।

ববি হাজ্জাজ বলেন, বর্তমানে মোহাম্মদপুর থানায় দুটি টহল গাড়ি রয়েছে। এর সঙ্গে আরও পাঁচটি ভালো মানের গাড়ি যুক্ত করা গেলে মোট সাতটি গাড়ি দিয়ে পুরো এলাকায় টহল দেওয়া সম্ভব হবে। এতে অপরাধের ঘটনা আরও কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এলাকার সব সমস্যার সমাধান হয়ে গেছে, এমন দাবি করেননি জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, মোহাম্মদপুরকে যেভাবে দেখতে চান, সেভাবে গড়ে তুলতে কাজ করছেন তারা। আগামী এক থেকে তিন বছরের মধ্যে ৯০ শতাংশ কাজ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে তাদের।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশ আটক করেনি, মব থেকে উদ্ধার করেছে’: মুক্তি পেয়ে বললেন ভাইরাল আইনজীবী
জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, শহরজুড়ে আতঙ্ক
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী
আউলিয়াদের দরবার আত্মশুদ্ধি লাভের শ্রেষ্ঠ স্থান: কাদের গনি চৌধুরী