ভোররাতে কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন: এক তরুণের মৃত্যু, পুড়েছে ঘর ও দোকান

রাজধানীর বনানীর কড়াইল বস্তির টিএন্ডটি কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে অন্তত সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান। আজ রবিবার (১৫ নভেম্বর) ভোর ৪টা ৫৩ মিনিটের দিকে টিএন্ডটি কলোনির পশ্চিম পাড়ায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, ভোর ৪টা ৫৩ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়। আগুন নেভানোর পর ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত শাহরিয়ার রহমান শুভ্রর বাবার নাম মো. মনির হোসেন এবং মায়ের নাম মোর্শেদা আক্তার মিতা। তার স্থায়ী ঠিকানা ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রামে। বর্তমানে তিনি টিএন্ডটি কলোনির স্যাটেলাইট গেট এলাকায় ইসলাম নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
অগ্নিকাণ্ডে সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। তবে ঠিক কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে মোট ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ কত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
(ঢাকাটাইমস/১৫ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













