বঙ্গোপসাগরে গভীর লঘুচাপ, ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপটি ক্রমশ শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ রোববার (১৫ নভেম্বর) রাতের মধ্যেই এটি নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তী সময়ে আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘আকভান’। নামটি প্রস্তাব করেছে ইরান। এর অর্থ অশুভ মন বা মন্দ স্বভাব।
আবহাওয়ার প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি ভারতের পূর্ব উপকূলের দিকে এগোতে পারে। বিশেষ করে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূলের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কয়েকটি পূর্বাভাস মডেলে সমুদ্রের মধ্যেই গতিপথ পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে।
এ ছাড়া পশ্চিমবঙ্গ ও বাংলাদেশেও ঘূর্ণিঝড়টির প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এর আগে ঘূর্ণিঝড় অর্ণব ও মুরুসু অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছিল। ‘আকভান’ সৃষ্টি হলে এটি হবে চলতি মৌসুমের তৃতীয় ঘূর্ণিঝড়।
আবহাওয়ার প্রাথমিক গাণিতিক বিশ্লেষণ বলছে, গভীর লঘুচাপটি আপাতত উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর সম্ভাব্য গতিপথে ভারতের অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলও রয়েছে। তবে শেষ পর্যন্ত এটি কোন উপকূলের দিকে আঘাত হানবে, তা নিম্নচাপে পরিণত হওয়ার পরই স্পষ্ট হবে। আবহাওয়াবিদ খন্দকার হাফিজ আহমেদ জানিয়েছেন, সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী বুধবার (১৮ নভেম্বর) থেকে সারা দেশে বৃষ্টিপাত শুরু হতে পারে। বৃষ্টির পর তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় দেশের কোথাও কোথাও মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহও অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার জারি করা এক বিশেষ আবহাওয়া বার্তায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে মাছ ধরতে না যাওয়ার জন্য জেলেদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
নভেম্বর মাস এলেই বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়ের ইতিহাস উপকূলবাসীর মনে নতুন করে আতঙ্ক তৈরি করে। ২০০৭ সালের ঠিক আজকের দিনেই (১৫ নভেম্বর) ভয়াবহ ঘূর্ণিঝড় ‘সিডর’ ঘণ্টায় প্রায় ২২৩ কিলোমিটার বেগে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে আঘাত হেনেছিল। ক্যাটাগরি-৫ মাত্রার সেই প্রলয়ংকরী ঝড়ে প্রাণ হারান হাজার হাজার মানুষ। এরও আগে ১৯৭০ সালের ১২ নভেম্বর ভয়াবহ ‘ভোলা ঘূর্ণিঝড়ে’ প্রায় ৩০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্রাণ হারিয়েছিলেন কয়েক লাখ মানুষ। ইতিহাসের এই দুই ভয়াবহ দুর্যোগের কারণে নভেম্বর মাসে বঙ্গোপসাগরে সৃষ্ট যেকোনো লঘুচাপ ঘিরেই সবসময় বাড়তি সতর্কতা ও উদ্বেগ তৈরি হয়।
(ঢাকাটাইমস/১৫ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













