গাজীপুরে পোশাকশ্রমিকদের কাজে যোগদান, নিরাপত্তায় মোতায়েন বিজিবি-আনসার-এসআরবি

কয়েক দিনের টানা শ্রম অসন্তোষ ও বিক্ষোভের পর গাজীপুর শিল্পাঞ্চলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে। আজ রবিবার (১৫ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন তৈরি পোশাক কারখানায় শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা গেছে। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলজুড়ে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২৫ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন জানান, রাষ্ট্রীয় সম্পদ ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তত্ত্বাবধানে যৌথ বাহিনীর সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন। মোতায়েনকৃত ২৫ প্লাটুন সদস্যের মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৩ প্লাটুন, আনসারের ৫ প্লাটুন এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ৮ প্লাটুন সদস্য রয়েছেন। বিজিবি ইতিমধ্যে মাঠে টহল দিচ্ছে এবং অন্যান্য বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, আজ সকাল থেকে গাজীপুরের অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন শুরু হয়েছে।
তবে আজ রবিবার (১৫ নভেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকা অবরোধ করলে প্রায় আধা ঘণ্টা ওই রুটে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সার্বিক পরিস্থিতির কারণে আজও ছয়টি কারখানা বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।এদিকে পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে আজ রবিবার (১৫ নভেম্বর) থেকে উৎপাদন চালাতে না পারা কারখানাগুলো শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।
উল্লেখ্য, বেতন বাড়ানোর দাবিতে গত কয়েক দিন ধরে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন। এ সময় অগ্নিসংযোগ, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন এবং পুলিশ কয়েকজনকে আটক করে। এরই মধ্যে আন্দোলনের সময় মুঠোফোনে ভিডিও ধারণ করতে গিয়ে মারধরের শিকার তৌফিক নামের এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে।
(ঢাকাটাইমস/১৫ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












