ঢাকায় এভিয়েশন ট্রেনিং একাডেমি, আরও ২ মিলিয়ন ডলার বাড়ানোর প্রস্তাব মেনজিসের

বিশেষ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ নভেম্বর ২০২৬, ১১:২৪
অ- অ+

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ পাওয়ার প্রতিযোগিতার মধ্যে বাংলাদেশে বিনিয়োগের প্রস্তাব আরও বাড়িয়েছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান মেনজিস এভিয়েশন। ঢাকায় একটি এভিয়েশন প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠায় অতিরিক্ত ২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি। এতে বাংলাদেশে তাদের প্রস্তাবিত মোট বিনিয়োগ ১৪ মিলিয়ন ডলার ছাড়িয়ে যাচ্ছে। চলতি বছরের ১৬ ডিসেম্বর থেকে তৃতীয় টার্মিনালের আংশিক কার্যক্রম শুরুর কথা রয়েছে।

তৃতীয় টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলিং অপারেটর নিয়োগের প্রতিযোগিতায় এই মেনজিস ছাড়াও সুইজারল্যান্ডের সুইসপোর্ট, তুরস্কের চেলেবি এভিয়েশন এবং সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ডনাটা রয়েছে।

অন্যতম প্রতিযোগী মেনজিস জানায়, এর আগে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সরঞ্জাম, প্রযুক্তি ও পরিচালন অবকাঠামো উন্নয়নে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছিল মেনজিস। নতুন এই ২ মিলিয়ন ডলার শুধু প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার জন্য বরাদ্দ রাখা হয়েছে।

প্রস্তাবিত একাডেমিতে প্রতি বছর অতিরিক্ত এক হাজার এভিয়েশন পেশাজীবীকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি বাংলাদেশে তাদের সামগ্রিক কার্যক্রমের মাধ্যমে এক হাজারের বেশি সরাসরি কর্মসংস্থান এবং প্রায় সাড়ে চার হাজার পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরির প্রত্যাশা করছে তারা।

একাডেমিতে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকেও প্রশিক্ষণার্থী আনার পরিকল্পনা রয়েছে মেনজিসের। এর মাধ্যমে ঢাকাকে এভিয়েশন প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়নের আঞ্চলিক কেন্দ্রে পরিণত করার সম্ভাবনা দেখছে প্রতিষ্ঠানটি।

মেনজিস এভিয়েশনের অপারেশনস বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট জন হেন্ডারসন বলেন, আন্তর্জাতিক পরিচালন মান অনুযায়ী দক্ষ এভিয়েশন পেশাজীবী গড়ে তুলতে ঢাকায় একটি বিশেষায়িত প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে তাদের। একাডেমির মাধ্যমে সব প্রশিক্ষণার্থীকে মেনজিসের আন্তর্জাতিক মান অনুযায়ী প্রশিক্ষিত করা হবে। ফলে বাংলাদেশের কর্মীরা আমাদের আন্তর্জাতিক নেটওয়ার্কের যেকোনো স্থানে কাজ করার সক্ষমতা অর্জন করবেন। আমরা শুধু চাকরি নয়, দীর্ঘমেয়াদি পেশাগত উন্নয়নের সুযোগ তৈরি করি।

তিনি বলেন, আমাদের পরীক্ষিত ও কার্যকর কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে। সেই অনুযায়ী কর্মী নিয়োগের পর তিন মাসের মধ্যে তাঁদের আন্তর্জাতিক মান অনুযায়ী প্রশিক্ষণ দেওয়া সম্ভব হবে বলে আমরা মনে করি।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সাবেক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) এম মফিদুর রহমান বলেন, তৃতীয় টার্মিনালের মতো আধুনিক বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম পরিচালনায় আন্তর্জাতিক অভিজ্ঞতা, প্রযুক্তিগত সক্ষমতা ও দক্ষ জনশক্তি গুরুত্বপূর্ণ। এ ধরনের অপারেটর নির্বাচনের ক্ষেত্রে শুধু বিনিয়োগের প্রতিশ্রুতি বিবেচনা না করে তাদের বাস্তব অভিজ্ঞতা, আর্থিক সক্ষমতা, নিরাপত্তাব্যবস্থা এবং সেবার মান যাচাই করা প্রয়োজন। পাশাপাশি স্থানীয় জনশক্তির দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তরের বিষয়টিও গুরুত্ব পাওয়া উচিত।

(ঢাকাটাইমস/১৫ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে পোশাকশ্রমিকদের কাজে যোগদান, নিরাপত্তায় মোতায়েন বিজিবি-আনসার-এসআরবি
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২০, মামলা ৩৯
গাজীপুরে আবারও পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় সেই পুলিশ সুপার গ্রেপ্তার