মার্কিন-ভারত কূটনীতিকদের সঙ্গে বৈঠকের পর ঢাকায় রহস্যজনক সফরে পিটার হাস

যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। যুক্তরাষ্ট্র ও ভারতের দুই শীর্ষ কূটনীতিকের বৈঠকের পরদিনই তার বাংলাদেশে আগমন ঘিরে কূটনৈতিক মহলে আলোচনা তৈরি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ওঠেন পিটার হাস। এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকার বারিধারায় ভারতীয় হাইকমিশনে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ও ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
সূত্র জানায়, আগামী ১৯ নভেম্বর বিকেল পর্যন্ত বাংলাদেশে থাকার কথা রয়েছে পিটার হাসের। তবে তার এই সফরের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। এটি ব্যবসায়িক সফর, নাকি অন্য কোনো উদ্দেশ্যে তার বাংলাদেশে আগমন -- সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।
বাংলাদেশে প্রায় তিন বছর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন পিটার হাস। ২০২৪ সালের সেপ্টেম্বরে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে স্বেচ্ছায় অবসর নেওয়ার পর তিনি বেসরকারি জ্বালানি প্রতিষ্ঠান অ্যাকসিলারেট এনার্জিতে যোগ দেন। বর্তমানে প্রতিষ্ঠানটির কৌশলগত উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সংশ্লিষ্ট কার্যক্রমও দেখভাল করছেন তিনি।
মূলত অ্যাকসিলারেট এনার্জির একজন উপদেষ্টার রূপে তিনি বাংলাদেশে যখন-তখন যেকোনো 'অজুহাতে' প্রবেশের দরজা উন্মুক্ত রেখেছেন!
রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে বেশ সক্রিয় ছিলেন পিটার হাস। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ওপর গুরুত্ব দিয়ে তিনি নির্বাচন কমিশন, নাগরিক সমাজ, তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাধিকবার বৈঠক করেন।
তার এসব কূটনৈতিক তৎপরতা নিয়ে তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছিল। সরকারের অভিযোগ ছিল, পিটার হাস বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করছেন। অন্যদিকে বিএনপি ও জামায়াতসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে তার কর্মকাণ্ড ইতিবাচকভাবে বিবেচিত হয়েছিল।
২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পিটার হাস নির্বাচনটি অবাধ ও নিরপেক্ষ হয়নি বলে মন্তব্য করেছিলেন। এদিকে বৃহস্পতিবার ভারতীয় হাইকমিশনে অনুষ্ঠিত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ও দীনেশ ত্রিবেদীর বৈঠকের বিষয়টি মার্কিন দূতাবাস নিশ্চিত করেছে। তবে দুই কূটনীতিকের আলোচনার নির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এক সময়ে যেই পিটার হাসকে নিজেদের 'শত্রু' হিসেবে বিবেচিত করতো আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ অবশ্য পিটার ডি হাসের আকস্মিক সফরকে কেন্দ্র করে 'দিবাস্বপ্ন' দেখার খানিকটা সুযোগ পেলো!(ঢাকাটাইমস/১৫ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













