রংপুরে টাকা লুটের চেষ্টায় চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা, চালক-সুপারভাইজার আটক

রংপুরের তারাগঞ্জে টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে এক যাত্রীকে জিম্মি করার প্রতিবাদ করায় চলন্ত বাস থেকে লাথি ও ধাক্কা দিয়ে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। আজ রবিবার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার জিগাতলা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।
নিহত দুই যাত্রী হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার কালু মিয়ার ছেলে মুকুল ইসলাম (২৮) এবং একই এলাকার লোকমান বসুনিয়ার ছেলে শাকিব বসুনিয়া (২২)।
নিহত শাকিব বসুনিয়ার বড় ভাই শাকিল বসুনিয়া জানান, তাঁর ছোট ভাইসহ এলাকার ছয়জন বাসিন্দা কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকা থেকে 'সায়মন এক্সক্লুসিভ পরিবহনের' একটি বাসে করে নিজ এলাকায় ফিরছিলেন। তাঁদের চাচা আতিক ইসলামের কাছে নগদ তিন লাখ টাকা ছিল। বাসটি তারাগঞ্জ পার হওয়ার পর অন্য যাত্রীদের নামিয়ে দিয়ে আতিককে ভেতরে আটকে রেখে জিম্মি করা হয়।
ভুক্তভোগী যাত্রী আতিক ইসলাম বলেন, "আমার কাছে টাকা থাকায় বাস থেকে আমাকে নামতে দেওয়া হয়নি। একপর্যায়ে বাসের হেলপার ও সুপারভাইজার আমাকে জিম্মি করে গলায় গামছা পেঁচিয়ে ধরেন। এ সময় মুকুল ও শাকিব আমাকে বাঁচাতে এগিয়ে এলে তাঁদের চলন্ত বাস থেকে লাথি মেরে নিচে ফেলে দেওয়া হয়।" তিনি আরও জানান, তাঁর চিৎকার শুনে পেছনে থাকা একটি মাইক্রোবাসের যাত্রীরা বিষয়টি টের পান এবং সামনের চিকলী এলাকায় স্থানীয় লোকজনের সহায়তায় বাসটি আটক করেন। বাসটি আটকানো না হলে তাঁকেও হত্যা করা হতো বলে তিনি দাবি করেন।তারাগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল জিগাতলা এলাকায় পৌঁছে সড়কের পাশে দুজনকে পড়ে থাকতে দেখে। এর মধ্যে একজন ঘটনাস্থলেই প্রাণ হারান এবং অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উদ্ধারকারী দলের সদস্য ফায়ার ফাইটার বেনজির আহমেদ জানান, ঘটনাস্থলে সড়ক দুর্ঘটনার কোনো আলামত পাওয়া যায়নি; বরং স্থানীয়রা জানিয়েছেন তাঁদের বাস থেকে ফেলে দেওয়া হয়েছে। এ বিষয়ে তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে জানান, ঘাতক বাসটির চালক ও সুপারভাইজারকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
(ঢাকাটাইমস/১৫ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













