স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট খারিজ

২০২৭ শিক্ষাবর্ষে দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিলের নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
রবিবার বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী জাহিদ তালুকদার। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী। তিনি জানান, আদালত রিটটি ‘নট প্রেস রিজেক্টেড’ আদেশ দিয়েছেন।
এর আগে গত ৭ অক্টোবর ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিলের নির্দেশনা চেয়ে রিটটি করেন মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্নেন্স ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ। রিটে শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট উপসচিবকে বিবাদী করা হয়।
রিটকারীর আইনজীবী জাহিদ তালুকদার জানিয়েছিলেন, ২০২১ শিক্ষাবর্ষে দেশের সরকারি বিদ্যালয়গুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তিতে পরীক্ষা পদ্ধতি বাতিল করে ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তির সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন সরকার।
তবে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর লটারি পদ্ধতি বাতিল করে ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেয়। গত ১৬ মার্চ সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ সিদ্ধান্তের কথা জানান। একই দিন শিক্ষা মন্ত্রণালয় লটারি পদ্ধতি বাতিল করে প্রজ্ঞাপন জারি করে।
পরে সংশোধিত প্রজ্ঞাপনে জানানো হয়, দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা নেওয়া হবে। শুধু প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













