ডিসেম্বরজুড়ে ঢাকার প্রতিটি আসনে মাঠে থাকবেন বিএনপির সংসদ সদস্যরা: ইশরাক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ নভেম্বর ২০২৬, ১৪:৫১
অ- অ+

নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো অপতৎপরতা রাজনৈতিকভাবে মোকাবিলায় প্রতিদিন কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেছেন, ফ্যাসিবাদের দোসরদের নৈরাজ্য, গুপ্ত হামলা ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে আগামী ডিসেম্বরজুড়ে ঢাকার প্রতিটি সংসদীয় আসনে মাঠে থাকবেন বিএনপির সংসদ সদস্যরা।

এ জন্য সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ইশরাক। তিনি বলেন, ফ্যাসিবাদের দোসরদের যেকোনো অপতৎপরতা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে।

রবিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন ইশরাক হোসেন। ‘নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, সারা বাংলাদেশে গুপ্ত হামলা ও সম্প্রতি জ্বালাও-পোড়াও এবং আহত জুলাই যোদ্ধাদের লক্ষ্য করে হামলার প্রতিবাদে’ এ সভার আয়োজন করে ‘আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় নির্বাহী কমিটি’।

ইশরাক হোসেন বলেন, ২০২৪ সালের জুলাইয়ে যেভাবে ঐক্যবদ্ধ হয়ে ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের পতন ঘটানো হয়েছিল, আগামী ডিসেম্বরেও সবাইকে একইভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেদের স্বার্থ ও ভবিষ্যতের কথা বিবেচনা করে সব ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

ইশরাক বলেন, পতিত ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন সংস্থা ও বাহিনীতে এখনো রয়ে গেছে। তারা বিভিন্নভাবে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। বাসে আগুন দেওয়া, পটকা ফোটানোসহ নানা কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা চলছে। এসব কর্মকাণ্ড রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে।

ঢাকার নির্বাচিত সংসদ সদস্যরা প্রতিদিন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মাঠে থাকছেন উল্লেখ করে ইশরাক বলেন, ডিসেম্বরের ৩০ দিনই তারা মাঠে থেকে ফ্যাসিবাদের দোসরদের জবাব দিতে প্রস্তুত রয়েছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গ টেনে ইশরাক বলেন, প্রধানমন্ত্রী সবাইকে যথাসময়ে মূল্যায়ন করবেন। একটি ভঙ্গুর রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পর সেটি মেরামতে তাকে কিছুটা সময় দিতে হবে। তৃণমূলের মিছিলে উপস্থিত শেষ ব্যক্তিকেও মূল্যায়ন করার যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী দিয়েছিলেন, তা বাস্তবায়ন করা হবে। এ জন্য সবাইকে ধৈর্য ধরতে হবে।

ইশরাক আরও বলেন, আগামী মাসে ঢাকার প্রতিটি সংসদীয় আসনে প্রতিদিন কঠোর অবস্থানে থাকার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। যারা কোনো ধরনের আঁতাত করতে চাইবে, তাদের আইনের আওতায় আনার কথা বলেন তিনি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে এসব পরিস্থিতি মোকাবিলা সম্ভব নয় উল্লেখ করে রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশে ইশরাক বলেন, দেশব্যাপী নিজেদের সংগঠন শক্তিশালী করতে হবে। তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, সপ্তাহখানেক আগে প্রধানমন্ত্রী তাকে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন। তিনি নিজের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন।

আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের জন্য নেওয়া কার্যক্রমগুলো মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর নেতৃত্বে পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে বলেও জানান ইশরাক। এখনো যারা জুলাই যোদ্ধা হিসেবে নিবন্ধন পাননি, তাদের নিবন্ধনের বিষয়ে মন্ত্রণালয়ের মাধ্যমে পদক্ষেপ নেওয়ার জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর প্রতি অনুরোধ জানান তিনি।

ইশরাক বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সংঘটিত হয়েছে। বিজয়ের মাস ডিসেম্বরের প্রতিদিন রাজপথে কঠোর অবস্থানের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় তারা দৃঢ়প্রতিজ্ঞ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘জান বাজি রেখে মাঠে নামবে সবাই’, এসপি জাহাঙ্গীরের ফোনে কী পাওয়া গেল, জানালেন ডিআইজি
সিঙ্গাপুরের বিমানবন্দরে হঠাৎ অসুস্থ খন্দকার মোশাররফ, হাসপাতালে ভর্তি
রাবাদার তোপে শুরুতেই বিপর্যয়ে বাংলাদেশ, ১৬ রানেই ২ উইকেট নেই
জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ, অগ্রাধিকার পাবেন যারা