মাদক ও সামাজিক অপরাধমুক্ত সমাজ গড়তে লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র্যালি

সুস্থতার পথে এগিয়ে যাক তারুণ্য, আলোকিত হোক লালমনিরহাট—এই প্রত্যয়কে সামনে রেখে লালমনিরহাটে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য সাইকেল র্যালি। শরীরচর্চা ও সুস্থ বিনোদনের পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি এবং সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে ব্যতিক্রমী এ আয়োজন করে ‘আলোকিত লালমনিরহাট’।
রবিবার বেলা ১১টায় লালমনিরহাটের সোহরাওয়ার্দী মাঠ থেকে র্যালিটি শুরু হয়। বর্ণিল সাজে সজ্জিত শত শত সাইকেল নিয়ে অংশগ্রহণকারীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌঁছান বড়বাড়ি কলেজ মাঠে।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
ত্রাণমন্ত্রী বলেন, আলোকিত লালমনিরহাট গড়তে হলে সবার আগে মানুষের মধ্যে সামাজিক সচেতনতা তৈরি করতে হবে। খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, উঠান বৈঠক ও বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে মানুষকে সামাজিক অপরাধ থেকে দূরে রাখার চেষ্টা চলছে। এরই অংশ হিসেবে আজকের এই সাইকেল র্যালি। এর মাধ্যমে বিভিন্ন এলাকার মানুষকে ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করা হবে।
র্যালিতে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি খেলাধুলা ও সুস্থ বিনোদনের প্রতি আগ্রহী করে তুলবে। একই সঙ্গে মাদক, মোবাইল আসক্তি ও সামাজিক অপরাধমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাইকেল শুধু যাতায়াতের বাহন নয়, এটি সুস্থ জীবনযাপন ও পরিবেশবান্ধব চলাচলেরও প্রতীক। এমন বার্তা ছড়িয়ে দিয়ে একটি সচেতন, সুস্থ ও আলোকিত লালমনিরহাট গড়ার প্রত্যয়েই শেষ হয় ব্যতিক্রমী এ আয়োজন।
(ঢাকা টাইমস/১৫নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











