অপ্রয়োজনীয় হর্ন ও শব্দদূষণ বন্ধে নিয়মিত অভিযানের নির্দেশ হাইকোর্টের

রাজধানীসহ সারা দেশে অপ্রয়োজনীয় হর্ন বাজানো এবং শব্দদূষণ বন্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও জনসচেতনতামূলক প্রচারণা চালানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালার ৬ বিধি এবং সড়ক পরিবহন আইনের ৪৫ ধারা অনুসারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এসব কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে। জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে রোববার (১৫ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আশরাফ আলী। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেন রিটকারী পক্ষের আইনজীবী হাসানুল বান্না।
আদালতের উল্লেখযোগ্য নির্দেশনাসমূহ:
• নীরব এলাকা (সাইলেন্ট জোন) সংরক্ষণ: ঘোষিত নীরব এলাকাগুলোতে যথাযথ চিহ্ন বা সাইনবোর্ড স্থাপন করতে হবে। এ ছাড়া শব্দ নিয়ন্ত্রণে ওই এলাকার জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোর সঙ্গে আনুষ্ঠানিক মতবিনিময়, বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন এবং গ্রাহকদের মোবাইলে বিশেষ সতর্কবার্তা পাঠাতে বলা হয়েছে।
• আতশবাজি ও পটকা নিয়ন্ত্রণ: শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালার ৮ বিধি অনুযায়ী যেকোনো উৎসব বা অনুষ্ঠানে আতশবাজি ও পটকার ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।
• অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের ৮ ধারা অনুসারে শব্দদূষণ সংক্রান্ত যেকোনো অভিযোগ ও জনঅসন্তোষ দ্রুত নিষ্পত্তির জন্য একটি বিশেষ ও স্বচ্ছ ব্যবস্থা চালু করার নির্দেশ দেওয়া হয়েছে।
• গণমাধ্যমে ব্যাপক প্রচারণা: শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালার আইনি বিধান ও শাস্তির বিষয়গুলো তুলে ধরে রেডিও, টেলিভিশন, সংবাদপত্র এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণা চালাতে বলেছেন উচ্চ আদালত।পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসককে এসব নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। আদেশ বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি তিন মাস পর পর আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আদেশের পাশাপাশি আদালত একটি রুলও জারি করেছেন। রুলে প্রযোজ্য আইন ও নীতিমালা অনুযায়ী শব্দদূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন সংবিধান পরিপন্থি, বেআইনি, জননিরাপত্তা ও জনস্বার্থবিরোধী ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে প্রযোজ্য আইন, বিধিমালা ও বিল্ডিং কোড অনুসরণ করে নীরব এলাকা, নির্মাণকাজ, শিল্পপ্রতিষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, উৎসব ও যানবাহন থেকে সৃষ্ট শব্দদূষণ নিয়ন্ত্রণে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নের নির্দেশ কেন দেওয়া হবে না, সে ব্যাখ্যাও চেয়েছেন হাইকোর্ট।
(ঢাকাটাইমস/১৬ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













