জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) এক মানববন্ধনে অংশ না নেওয়াকে কেন্দ্র করে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জয় চৌধুরীর ওপর ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়ক ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক হেলাল খান। একপর্যায়ে জয়কে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমক দেন তিনি।
রবিবার দুপুরে বিএফডিসিতে এ ঘটনা ঘটে।
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে এদিন বিএফডিসির প্রধান ফটকে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। এতে হেলাল খান ছাড়াও সংগীতশিল্পী ইথুন বাবু, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, সংগীতশিল্পী দিতি আনোয়ার ও মৌসুমী চৌধুরীসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
তবে এফডিসিতে উপস্থিত থাকলেও ওই কর্মসূচিতে যোগ দেননি জয় চৌধুরীসহ শিল্পী সমিতির কয়েকজন সদস্য। কর্মসূচি শেষে শিল্পী সমিতি চত্বরে গিয়ে জয় চৌধুরীর সঙ্গে কথা বলেন হেলাল খান। এ সময় দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।
জয় চৌধুরী বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করলে আরও ক্ষুব্ধ হন হেলাল খান। একপর্যায়ে তিনি বলেন, ‘যারা বসে আছে সবগুলো ফ্যাসিস্ট। জয়কে বলেন, চুপ, একদম চুপ তুই ফ্যাসিস্ট। এফডিসিকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে।’
এ ঘটনার বিষয়ে জয় চৌধুরী বলেন, হেলাল খান রাগ করে তাকে ফ্যাসিস্ট বলেছেন। কারণ, তিনি ডি এ তায়েবকে সমর্থন করে কথা বলেছেন এবং মানববন্ধনে যেতে তার দেরি হয়েছে।
জয় আরও বলেন, ডি এ তায়েব নিজেও জানেন না, ওই ব্যক্তিরা কখন কীভাবে এফডিসিতে এসেছেন এবং কেন তাদের মানববন্ধনে পাঠানো হয়নি। এ কারণে হেলাল খান ক্ষুব্ধ হয়েছেন বলে মনে করেন তিনি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













