ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা

বিজয়ের মাস ডিসেম্বরজুড়ে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। মূল দলের পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরাও মাসজুড়ে পৃথক কর্মসূচি পালন করবেন। এ বিষয়ে দল ও অঙ্গসংগঠনগুলোর শীর্ষ নেতাদের নির্দেশনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দপ্তরে তারেক রহমানের সঙ্গে বিএনপি ও তিন অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রায় দুই ঘণ্টার এ বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, দলের পাঁচ যুগ্ম মহাসচিব এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে জানা গেছে, ডিসেম্বরজুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনগুলোকে পৃথক কর্মসূচি প্রণয়ন করে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। তবে এসব কর্মসূচি কোনো দলের বা পক্ষের পাল্টা কর্মসূচি হিসেবে পালন করা হবে না। একইভাবে পাড়া-মহল্লায় সতর্ক পাহারা বা পাহারার মতো কোনো কর্মসূচিও নেওয়া হবে না।
দলীয় সূত্র জানায়, ডিসেম্বরের কর্মসূচির মধ্যে বিক্ষোভ মিছিল, শোভাযাত্রা, অবস্থান কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকতে পারে। বিএনপি এবং তিন অঙ্গসংগঠন নিজেদের উদ্যোগে পৃথকভাবে এসব কর্মসূচি ঘোষণা করবে। পাশাপাশি বিএনপিপন্থী পেশাজীবী সংগঠনগুলোকেও আলাদা কর্মসূচির মাধ্যমে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীদের বিভিন্ন তৎপরতার মধ্যে বিএনপি এ সিদ্ধান্ত নিল। দলীয় সূত্রের ভাষ্য, ডিসেম্বরজুড়ে ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে নেতা-কর্মীদের সাংগঠনিকভাবে সক্রিয় ও চাঙা রাখতে চায় দলটির নেতৃত্ব।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘বিশেষ কিছু নয়। আমরা সাধারণত বিজয়ের মাস ডিসেম্বরে যেসব কর্মসূচি দিই, তেমন কর্মসূচি থাকবে।’
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













