সংসদ সদস্যের বাড়িতে হামলা-অগ্নিসংযোগে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৯
অ- অ+

সংসদ সদস্যের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ কিংবা তার জীবন ও সম্পদের ওপর যেকোনো আক্রমণের ঘটনায় সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে কুষ্টিয়ায় নিজের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংরক্ষিত নারী আসন-৫০-এর সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি এ আশ্বাস দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মাননীয় সংসদ সদস্যের ওপর যেকোনো হামলা কিংবা তার জীবন, সম্পদ ও মালামালের ওপর আক্রমণ অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের বিষয়কে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।’

এ সময় নুসরাত তাবাসসুম প্রশ্ন তোলেন, স্বরাষ্ট্রমন্ত্রী কীভাবে তার পুড়ে যাওয়া বাড়িটিকে ‘পরিত্যক্ত’ এবং সেখানে শুধু দুটি ছাগল ছিল বলে উল্লেখ করেছেন। তার অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য তদন্তকে প্রভাবিত করতে পারে।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যের ওই অংশ সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানান। তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য তদন্ত প্রতিবেদনকে প্রভাবিত করবে’—এমন বক্তব্য এক্সপাঞ্জ করার বিষয়ে স্পিকারের হস্তক্ষেপ কামনা করছি। সংসদে যেকোনো আলোচনা অবশ্যই সংসদীয় ভাষায় হওয়া উচিত। কাউকে প্রভাবিত করার উদ্দেশ্যে আমরা এখানে কোনো বক্তব্য দিই না।

তবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ওই বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দিতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, বক্তব্যটি অসংসদীয় নয়।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্তের তথ্য তুলে ধরে জানিয়েছিলেন, পেট্রোলবোমা হামলার পরিবর্তে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

এর প্রতিক্রিয়ায় নুসরাত তাবাসসুম অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য তদন্তকে প্রভাবিত করার আশঙ্কা তৈরি করেছে। তিনি দাবি করেন, আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিরা তার গ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ করেছেন। ঘটনার প্রায় তিন ঘণ্টা আগে স্থানীয় ছাত্রলীগের একজন নেতা ফেসবুকে হুমকিমূলক পোস্ট দিয়েছিলেন বলেও অভিযোগ করেন তিনি।

অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অগ্নিকাণ্ডের পরপরই শুক্রবার একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

প্রাথমিক তদন্তের তথ্য তুলে ধরে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পেট্রোলবোমা ব্যবহারের কোনো আলামত পায়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এটি চূড়ান্ত সিদ্ধান্ত নয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।’

উল্লেখ্য, বুধবার মধ্যরাতের পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুন লাগে। এতে বাড়ির ১০টি কক্ষের মধ্যে সাতটি পুড়ে যায়। এ ঘটনায় দুটি ছাগল মারা যায়। পাশাপাশি আসবাবপত্র, কাপড়, জুতাসহ বিভিন্ন মালামাল পুড়ে নষ্ট হয়।

(ঢাকাটাইমস/১৬ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অপ্রয়োজনীয় হর্ন ও শব্দদূষণ বন্ধে নিয়মিত অভিযানের নির্দেশ হাইকোর্টের
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, দেশজুড়ে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস
ডিসি-এসপির পর গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি
ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা