গাজীপুরে ২ কারখানার পোশাকশ্রমিকদের বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ নভেম্বর ২০২৬, ১০:২৭
অ- অ+

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় দুটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

আজ সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে কোনাবাড়ী-কাশিমপুর সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কোনাবাড়ী এলাকার ‘এবিএম ফ্যাশন’ ও ‘যমুনা’ কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার বাইরে অবস্থান নেন। একপর্যায়ে তারা একত্রিত হয়ে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ শুরু করেন এবং কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করেন। সড়ক অবরোধের ফলে ওই রুটে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়, যার ফলে চরম ভোগান্তিতে পড়েন সকালের অফিসগামী যাত্রী ও সাধারণ মানুষ।

খবর পেয়ে শিল্প পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। তবে শ্রমিকরা সড়ক না ছেড়ে আরও উত্তেজিত হয়ে উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। একপর্যায়ে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে সড়ক ছেড়ে চলে গেলে যান চলাচল ও এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ বিষয়ে গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, দুটি কারখানার শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বর্তমানে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।

(ঢাকাটাইমস/১৬ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো নিয়ে মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত
সেনাবাহিনীর চাকরি থেকে বরখাস্ত হলেন কর্মকর্তা দম্পতি
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, আধুনিক প্রযুক্তিতে সার্বক্ষণিক নজরদারি
স্থানীয় প্রশাসন সঠিক তথ্য দেয় নাই