কৃষকদের ‘অশিক্ষিত-মূর্খ’ বললেন সংসদ সদস্য, এক্সপাঞ্জ করার পরামর্শ চিফ হুইপের

জাতীয় সংসদে কৃষকদের উদ্দেশ্য করে আপত্তিকর শব্দচয়ন করে তীব্র বিতর্কের জন্ম দিয়েছেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল। তার এমন মন্তব্যের তাৎক্ষণিক প্রতিবাদ জানান চিফ হুইপ মো. নূরুল ইসলাম। পরবর্তীতে চিফ হুইপের যুক্তি ও অনুরোধের পরিপ্রেক্ষিতে সংসদীয় কার্যবিবরণী থেকে ‘মূর্খ’ শব্দটি আনুষ্ঠানিকভাবে এক্সপাঞ্জ (বাদ) ঘোষণা করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে অনলাইনে আবেদন করে সরকারি খাদ্যগুদামে ধান বিক্রির জটিলতা নিয়ে আলোচনা চলছিল।
আলোচনায় অংশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল। তিনি মন্তব্য করেন যে, দেশের অধিকাংশ কৃষক ‘অশিক্ষিত, অর্ধশিক্ষিত বা মূর্খ’। তার মতে, এ কারণেই অনলাইনে প্রবেশ করে আবেদন সম্পন্ন করা এবং খাদ্যগুদামে ধান পৌঁছে দেওয়া সাধারণ কৃষকদের পক্ষে সহজ হয় না।
সংসদ সদস্যের এমন বক্তব্যের পরপরই দাঁড়িয়ে সংসদ সদস্যদের ভাষা ও শব্দচয়নের বিষয়ে কঠোর সতর্ক থাকার আহ্বান জানান চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেন, সংসদ সদস্যদের ভাষার ব্যবহারের ব্যাপারে সবসময় খেয়াল রাখা উচিত। চিফ হুইপ যুক্তি দিয়ে বলেন, গ্রামের অনেক কৃষক হয়তো প্রাতিষ্ঠানিক উচ্চশিক্ষা পাননি বা দাপ্তরিক কাগজপত্র বুঝতে তাদের কিছুটা সমস্যা হতে পারে। কিন্তু দেশের অধিকাংশ কৃষক কোনোভাবেই ‘মূর্খ’ নন। কৃষকদের অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি ডেপুটি স্পিকারের কাছে সংসদীয় কার্যবিবরণী থেকে ‘মূর্খ’ শব্দটি দ্রুত বাদ দেওয়ার অনুরোধ জানান।
চিফ হুইপের এই বক্তব্যের সঙ্গে পূর্ণ একমত পোষণ করেন অধিবেশনে সভাপতিত্ব করা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি তার পর্যবেক্ষণে বলেন, কৃষকদের ধান বিক্রির অনলাইন জটিলতা নিয়ে করা প্রশ্নটির সারমর্ম অত্যন্ত যুক্তিসঙ্গত হলেও সংসদে ভাষার ব্যবহার আরও মার্জিত হওয়া উচিত। এরপরই তিনি সংসদীয় কার্যবিবরণী থেকে বিতর্কিত ‘মূর্খ’ শব্দটি আনুষ্ঠানিকভাবে এক্সপাঞ্জ বা বাদ দেওয়ার ঘোষণা দেন।
(ঢাকাটাইমস/১৬ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












