বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহনে স্বস্তি ফেরায় বাজারে সরবরাহ বাড়ার প্রত্যাশা তৈরি হয়েছে, যা তেলের দাম কমাতে বড় ভূমিকা রাখছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৭টা ৪৫ মিনিটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৭ সেন্ট বা শূন্য দশমিক ৪৯ শতাংশ কমেছে। এতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়িয়েছে ৯৫ দশমিক ৩৭ ডলারে।
এর আগে গত শুক্রবারও বিশ্ববাজারে তেলের দাম কমার মধ্য দিয়ে সাপ্তাহিক লেনদেন শেষ হয়েছিল। মূলত ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার যুদ্ধের কারণে সৃষ্ট ভূরাজনৈতিক ঝুঁকি কমে আসার ইঙ্গিতগুলো পর্যালোচনা করছেন বিনিয়োগকারীরা। এই ইতিবাচক প্রভাবে গত সপ্তাহেই বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম যথাক্রমে ১৬ শতাংশ এবং ১৩ শতাংশ পর্যন্ত কমেছিল। জ্বালানি খাতের বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের নৌপথে নিরাপত্তা ঝুঁকি কমে আসায় এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হতে শুরু করায় আন্তর্জাতিক বাজারে তেলের দামের এই স্বস্তিদায়ক পতন লক্ষ্য করা যাচ্ছে।
(ঢাকাটাইমস/১৬ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













