শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল-স্বপ্নার আপিল ও ডেথ রেফারেন্স শুনানি চলছে

রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী স্কুলছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের আপিল এবং ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ড অনুমোদন) শুনানি শুরু হয়েছে হাইকোর্টে।
আজ সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আলোচিত এ মামলার শুনানি শুরু হয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরী।
গত ১৯ মে রাজধানীর পল্লবী এলাকায় প্রতিবেশী সোহেল রানার ঘর থেকে পপুলার মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পরদিনই রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না খাতুন এবং অজ্ঞাতনামা একজনকে আসামি করে পল্লবী থানায় একটি হত্যা ও ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলার এজাহার ও তদন্ত প্রতিবেদনের বিবরণ অনুযায়ী, প্রতিবেশী সোহেল শিশু রামিসাকে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরবর্তীতে ঘটনাটি ধামাচাপা দিতে এবং সাক্ষ্য-প্রমাণ মুছে ফেলতে শিশুটিকে গলা কেটে হত্যা করা হয় এবং মরদেহটি টুকরো টুকরো করার চেষ্টা চালানো হয়।
ঘটনার মাত্র পাঁচ দিনের মাথায় গত ২৪ মে মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) ওহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। চার্জশিটে সোহেলের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও আলামত নষ্টের এবং তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে আলামত নষ্ট, মিথ্যা তথ্য প্রদান ও স্বামীকে অপরাধে সহায়তার অভিযোগ আনা হয়। অভিযোগপত্র জমার কয়েক ঘণ্টার মধ্যেই মামলাটি বিচারের জন্য ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয় এবং মাত্র ১৯ কার্যদিবসে এর বিচারকাজ সম্পন্ন হয়।
(ঢাকাটাইমস/১৬ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













