পিকাবুতে বিনিয়োগ করল এক্স অ্যাঞ্জেল লিমিটেড

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ নভেম্বর ২০২৬, ১৩:৪৮
অ- অ+

দেশের অন্যতম ই-কমার্স প্ল্যাটফর্ম পিকাবুতে বিনিয়োগ করেছে এক্স অ্যাঞ্জেল লিমিটেড। প্রতিষ্ঠানটির এক্স অ্যাঞ্জেল ফার্স্ট প্রাইভেট ইক্যুইটি ফান্ডের (X Angel First Private Equity Fund) মাধ্যমে এ বিনিয়োগ করা হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি শেয়ারহোল্ডার চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই বিনিয়োগের মধ্য দিয়ে পিকাবুর ব্রিজ রাউন্ডে নতুন বিনিয়োগকারী হিসেবে যুক্ত হলো এক্স অ্যাঞ্জেল লিমিটেড।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এক্স অ্যাঞ্জেল লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাহীন মাজহার এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শহীদুজ্জামান। পিকাবুর পক্ষে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মরিন তালুকদার। এছাড়া পিকাবুর বিদ্যমান শেয়ারহোল্ডার স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল হাই এবং সহকারী ভাইস প্রেসিডেন্ট নাফিস আলম অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে এক্স অ্যাঞ্জেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহীন মাজহার বলেন, দেশের সম্ভাবনাময় ব্যবসায়িক উদ্যোগে দীর্ঘমেয়াদি বিনিয়োগের মাধ্যমে উদ্যোক্তাদের অগ্রযাত্রার অংশীদার হতে প্রতিশ্রুতিবদ্ধ এক্স অ্যাঞ্জেল। পিকাবুর মতো একটি স্বনামধন্য ও বিকাশমান ই-কমার্স প্ল্যাটফর্মে বিনিয়োগ প্রতিষ্ঠানটির সেই লক্ষ্য এবং এ খাতের সম্ভাবনার প্রতি আস্থার প্রতিফলন। এই অংশীদারত্ব পিকাবুর ব্যবসায়িক সম্প্রসারণ ও দীর্ঘমেয়াদি সাফল্যে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পিকাবুর প্রধান নির্বাহী কর্মকর্তা মরিন তালুকদার বলেন, এক্স অ্যাঞ্জেল লিমিটেডের সঙ্গে এই অংশীদারত্ব পিকাবুর ভবিষ্যৎ অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দীর্ঘমেয়াদি অংশীদারত্বের মাধ্যমে নতুন সম্ভাবনাগুলো কাজে লাগানোর বিষয়ে তারা আশাবাদী।

উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের আগস্টে পিকাবুর ১৫ লাখ মার্কিন ডলারের প্রি-সিরিজ এ বিনিয়োগ রাউন্ডে অংশ নিয়েছিল স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড (এসবিএল)। ওই বিনিয়োগ রাউন্ডের নেতৃত্বে ছিল আইডিএলসি ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড-১।

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল হাই বলেন, দেশে শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় বেসরকারি বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ জরুরি। পিকাবুতে এক্স অ্যাঞ্জেল লিমিটেডের বিনিয়োগ তার একটি দৃষ্টান্ত।

তিনি আরও বলেন, সরকারি ও বেসরকারি খাতের সম্মিলিত অংশগ্রহণ উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ ও বড় পরিসরে কার্যক্রম পরিচালনার পথ সুগম করে। পাশাপাশি স্টার্টআপ ইকোসিস্টেমের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বাড়ায়। আরও স্থানীয় বিনিয়োগকারী সম্ভাবনাময় দেশীয় উদ্যোগের পাশে দাঁড়াবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

এক্স অ্যাঞ্জেল লিমিটেড বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদিত একটি অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান। ভেঞ্চার ক্যাপিটাল ও প্রাইভেট ইক্যুইটি বিনিয়োগের মাধ্যমে সম্ভাবনাময় ব্যবসায়িক উদ্যোগের বিকাশে কাজ করছে প্রতিষ্ঠানটি।

পিকাবুতে এই বিনিয়োগকে নিজেদের দীর্ঘমেয়াদি বিনিয়োগ কৌশলের গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখছে এক্স অ্যাঞ্জেল। অন্যদিকে এই অংশীদারত্বের মাধ্যমে ব্যবসায়িক সম্প্রসারণ ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করছে পিকাবু।

(ঢাকাটাইমস/১৬ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জের নতুন জেলা প্রশাসক হলেন সরফরাজ
রূপনগরে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-সৈনিক লীগ নেতাসহ গ্রেপ্তার ৪
খিলগাঁওয়ে আ. লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা-কর্মী গ্রেপ্তার
বিজয় দিবসে স্মৃতিসৌধসহ গুরুত্বপূর্ণ স্থানে নিশ্ছিদ্র নিরাপত্তার পরিকল্পনা