দলীয় নেতাকর্মীদের পালস বুঝতে চেষ্টা করুন

বারবার আত্মঘাতী সিদ্ধান্ত ও ভুলের ফাঁদে বিএনপি পলিটিক্স আজ ডুবতে বসেছে; যেভাবে দিনশেষে সূর্য অস্তমিত হয়। যোগ্য, মেধাবী ও ত্যাগীদের বঞ্চিত করে হাইব্রিড ও সুযোগ সন্ধানীদের রাজনীতিতে প্রতিষ্ঠার চেষ্টা এইবার স্থানীয় সরকার তথা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সফল হবে না এমনটাই আজ বাস্তবতা। দলীয় প্রতিটা নেতাকর্মীরা জানে তাঁদের মেধা, যোগ্যতা ও সাহসের উপর ভর করে রক্ত ও ঘাম ঝরানো যে দল আজ রাষ্ট্র ক্ষমতায়; সেখানে তারা সবচেয়ে বেশি অবহেলিত ও বঞ্চিত। দিনশেষে টাকার বিনিময়ে দলীয় পদ ও নমিনেশন পাবে অন্যরা এটাই আজ বিএনপি পলিটিক্সের বাস্তবতা ও ট্র্যাজেডি। বিএনপিকে স্থানীয় সরকার নির্বাচন ও অন্যান্য সকল নির্বাচনে যোগ্য প্রার্থী বাছাই ও ত্যাগীদের মনোনয়ন দেয়ার বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে; নতুবা এ মহা বিপর্যয় থেকে উত্তরণে দলের সামনে আর কোন বিকল্প দেখছি না। দলীয় রাজনীতির নামে সর্বত্র দোকানদারী চলছে। বারবার নেতাকর্মীদের সামনে মুলা ঝুলিয়ে এভাবে কতদিন চলবে, সবাই একটু হলেও ভাবুন। দলীয় নেতাকর্মীদের পালস বুঝতে চেষ্টা করুন, নতুবা সবকিছু সর্বনাশ হয়ে যাবে। এই মুহূর্তে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন, চলমান রাজনৈতিক সংকট এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে দলের কতজন নেতাকর্মী সত্যিকার অর্থে এগিয়ে আসছেন তাও বুঝতে চেষ্টা করুন। দলীয় শীর্ষ নেতৃত্বের উচিত বাস্তবতা উপলব্ধি করা ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে দলকে শক্তিশালী করা ও তাদের প্রতি সুবিচার ও আস্থা ফিরিয়ে আনা। প্রশ্ন একটাই—বিএনপি কি আবারও মূলধারা; আদর্শ, যোগ্যতা ও দেশপ্রেমের রাজনীতিতে ফিরবে, নাকি ক্ষমতার অভ্যন্তরীণ লড়াইয়েই নিজের ভবিষ্যৎ বিসর্জন দেবে?
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













