প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ নভেম্বর ২০২৬, ১৬:৩১| আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১৬:৩২
অ- অ+

আগামী ২১ জানুয়ারি থেকে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে প্রথম ধাপে দেশের ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ করা হবে।

সোমবার ইসির ১৪তম কমিশন সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

ইসির পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

পঞ্চম ধাপে তুলনামূলক কমসংখ্যক ইউনিয়ন পরিষদ রাখার কারণ ব্যাখ্যা করে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ইচ্ছাকৃতভাবে এ ধাপে ইউনিয়ন পরিষদের সংখ্যা কম রাখা হয়েছে। যাতে এর মধ্যে অন্য কোনো ইউনিয়ন পরিষদ নির্বাচনের উপযোগী হলে সেগুলোও এ ধাপে অন্তর্ভুক্ত করা যায়। আইনি জটিলতা ও অন্যান্য কারণে বর্তমানে কিছু ইউনিয়ন পরিষদের নির্বাচন আটকে আছে।

নির্বাচন কমিশনার বলেন, বৃহস্পতিবারের মধ্যে ইসির ওয়েবসাইটে কোন ইউনিয়ন পরিষদে কোন তারিখে ভোট হবে, সেই তালিকা প্রকাশ করা সম্ভব হবে বলে তারা আশা করছেন। তালিকা প্রকাশের পর ভোটার ও সংশ্লিষ্ট ব্যক্তিরা ওয়েবসাইট থেকে নিজ নিজ এলাকার নির্বাচনের তারিখ ও ধাপ জানতে পারবেন।

ইউপি নির্বাচন শুরুর আগে সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন। এ বিষয়ে সানাউল্লাহ বলেন, জাতীয় নির্বাচনের আগে যেভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করা হয়েছিল, ইউপি নির্বাচনের আগেও একইভাবে সংলাপ করা হবে। আগামী ১০ ডিসেম্বরের আগেই এ সংলাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, রাজনৈতিক দলগুলোকে তাদের নিবন্ধনের ক্রমিক নম্বর অনুযায়ী তিন দিন ধরে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হবে। স্থানীয় সরকার নির্বাচন কীভাবে অবাধ ও সুষ্ঠুভাবে আয়োজন করা যায়, সংলাপে সে বিষয়গুলো গুরুত্ব পাবে।

জানুয়ারিতে অনুষ্ঠেয় ইউপি নির্বাচনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অন্যান্য রাজনৈতিক কর্মসূচির প্রভাব পড়বে কি না, এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, তার ধারণা, এসব কারণে স্থানীয় সরকার নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। বরং কিছু ক্ষেত্রে স্থানীয় সরকার নির্বাচন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সহায়ক হতে পারে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাস
‘জোর করে নেওয়া হচ্ছে, নির্যাতন করা হচ্ছে’: ট্রাইব্যুনালে লতিফ সিদ্দিকী
৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
বাংলাদেশকে পাকিস্তানের চেয়েও বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী