‘জোর করে নেওয়া হচ্ছে, নির্যাতন করা হচ্ছে’: ট্রাইব্যুনালে লতিফ সিদ্দিকী

শাপলা চত্বরের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় ‘জোর করে নেওয়া হচ্ছে, নির্যাতন করা হচ্ছে’ বলে অভিযোগ করেছেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর এজলাসে নেওয়ার সময় এ অভিযোগ করেন তিনি।
২০১৩ সালের ৫ ও ৬ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় এদিন ১১ জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
প্রিজনভ্যান থেকে নামানোর সময় আসামিদের হাতে হাতকড়া, শরীরে বুলেটপ্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট ছিল। পরে একে একে তাদের ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।
প্রথমে হুইলচেয়ারে করে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে এজলাসে নেওয়া হয়। এরপর সাবেক মন্ত্রী ডা. দীপু মনি ও ৭১ টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে স্বাভাবিকভাবে এজলাসে নেওয়া হয়। পরে অন্য আসামিদের আদালতে হাজির করা হয়।
এ সময় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডলকে কিছুটা জোরাজুরি করতে দেখা যায়। তবে সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান ছিলেন নীরব। কোনো কথা না বলেই তিনি এজলাসে প্রবেশ করেন।
আসামিদের আদালতে আনা ও এজলাসে নেওয়ার সময় কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়। দুই পাশে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য এবং সামনে পুলিশ সদস্যরা অবস্থান নেন।
মামলার শুনানি ২৩ নভেম্বর
শাপলা চত্বরের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে গ্রেপ্তার ১১ জনকে সোমবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। বাকি ৩০ জন পলাতক রয়েছেন।
এর আগে গত ১২ নভেম্বর ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। সেদিন রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আসামিপক্ষের শুনানির জন্য ১৬ নভেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
সোমবার আসামিপক্ষের শুনানি শুরু হয়। প্রথম দিনের শুনানি শেষে পরবর্তী শুনানির জন্য আগামী ২৩ নভেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মামলায় আসামিদের বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় অভিযোগে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনসহ দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।
রাষ্ট্রপক্ষের অভিযোগ, হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে এসব হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল। এ অভিযোগের ভিত্তিতেই ৪১ জনের বিরুদ্ধে বিচার শুরুর আবেদন করা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













