সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনতে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও নন্দীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. সোহেল (৪৫)। তিনি পটুয়াখালী জেলার গলাচিপা থানার কল্যাণ কলস গ্রামের মৃত রতন সরদারের ছেলে। সোহেল সাদিপুর ইউনিয়নের ভারগাঁও বেড়িবাঁধ এলাকায় হামিদুল হাসানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রবিবার রাত আনুমানিক ৯টার দিকে ভারগাঁও নন্দীপুর এলাকার মোহাম্মদ আলীর একতলা বাড়ির ছাদ থেকে কবুতর চুরির সময় বাড়ির লোকজন বিষয়টি টের পান। তারা চোর চোর বলে চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে সোহেলকে আটক করে গণপিটুনি দেয়। কয়েকদফায় উত্তেজিত জনতার গণপিটুনিতে সোহেল মারাত্মকভাবে আহত হন। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে কাঁচপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানে আজ সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সোহেল মারা যান।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ দ্রুত নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার থেকে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দোষীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
(ঢাকা টাইমস/১৬নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











