মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান, তবুও চার মাসেই বদলি চট্টগ্রামের ডিআইজি

চট্টগ্রাম ব্যুরো
  প্রকাশিত : ১৬ নভেম্বর ২০২৬, ১৯:১৭
অ- অ+

চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়া পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরীকে বদলি করা হয়েছে। দায়িত্ব গ্রহণের মাত্র চার মাসের মাথায় তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

রবিবার তাকে বদলি করে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়। অন্যদিকে ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. শামসুল হককে চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি করা হয়েছে।

গত জুলাই মাসে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনারের দায়িত্ব থেকে আবদুল কুদ্দুছ চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছিল। দায়িত্ব নেওয়ার পর থেকেই রেঞ্জের ১১ জেলায় অপরাধ দমনে নানা উদ্যোগ নেন তিনি।

বিশেষ করে মাদকবিরোধী অভিযানে কঠোর অবস্থান নেন এই পুলিশ কর্মকর্তা। তার নির্দেশনায় চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ফেনীসহ বিভিন্ন জেলায় মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়। এসব অভিযানে নিয়মিত মাদক উদ্ধার ও কারবারিদের গ্রেপ্তারের ঘটনাও ঘটে।

মিয়ানমার থেকে কক্সবাজারের সীমান্ত দিয়ে ইয়াবা পাচার ঠেকাতে বিশেষ নজর দেওয়া হয়। সীমান্ত এলাকা থেকে চট্টগ্রামের উপকূলীয় অঞ্চল পর্যন্ত চালানো হয় অভিযান। একইভাবে ফেনী ও কুমিল্লা সীমান্ত দিয়ে ভারত থেকে ফেনসিডিল প্রবেশ ঠেকাতেও তৎপরতা বাড়ায় পুলিশ।

এ ছাড়া তিন পার্বত্য জেলা থেকে চট্টগ্রাম হয়ে দেশি মদ পাচার, সড়কে ডাকাতি ও দস্যুতা প্রতিরোধেও অভিযান পরিচালনা করা হয়। ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসহ বিভিন্ন আঞ্চলিক সড়কে নিরাপত্তা জোরদার করা হয়।

মাদক উদ্ধার ১১৫ কোটি টাকার, গ্রেপ্তার হাজারো

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ছয় মাসের তুলনামূলক অপরাধ পরিসংখ্যানেও আবদুল কুদ্দুছ চৌধুরীর সময়ের অভিযানের চিত্র উঠে এসেছে। দায়িত্ব গ্রহণের আগের তিন মাস (মে, জুন ও জুলাই) এবং পরের তিন মাস (আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর) তুলনা করে এ পরিসংখ্যান তৈরি করা হয়।

পরিসংখ্যান অনুযায়ী, দায়িত্ব গ্রহণের পরের তিন মাসে মাদকবিরোধী অভিযান ও বিশেষ কার্যক্রমে ১৪ হাজার ৩৯৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময়ে উদ্ধার করা হয়েছে আনুমানিক ১১৫ কোটি ৮ লাখ টাকার মাদকদ্রব্য। আগের তিন মাসে উদ্ধার করা মাদকের বাজারমূল্য ছিল ৫৪ কোটি ৩৪ লাখ টাকা। অর্থাৎ মাদক উদ্ধারের আনুমানিক মূল্য বেড়েছে ১১২ শতাংশ।

এ সময়ে ইয়াবা উদ্ধারের পরিমাণও বেড়েছে। আগের তিন মাসে ১৬ লাখ ৯৯ হাজার ৭৯টি ইয়াবা উদ্ধার করা হলেও পরের তিন মাসে উদ্ধার করা হয়েছে ২৫ লাখ ৯৩ হাজার ৮৫৩টি। বেড়েছে ৫৩ শতাংশ। দেশীয় মদ উদ্ধার ৬ হাজার ৮৬২ লিটার থেকে বেড়ে ১২ হাজার ৬৩৪ লিটার হয়েছে। গাঁজা উদ্ধারের পরিমাণও ৪ হাজার ৪২৭ কেজি থেকে বেড়ে ৪ হাজার ৪৮৯ কেজিতে দাঁড়িয়েছে।

মাদকবিরোধী অভিযানের পাশাপাশি কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানেও জোর দেওয়া হয়। পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, পরবর্তী তিন মাসে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৫ হাজার ৩২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অস্থিতিশীলতা সৃষ্টিকারী অপরাধে গ্রেপ্তার ১ হাজার ৪৮ থেকে বেড়ে ১ হাজার ৬৫৩ জনে দাঁড়িয়েছে।

খুন-অপহরণ কমেছে, মামলা নিষ্পত্তি বেড়েছে

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অপরাধ পরিসংখ্যানে খুন, অপহরণ এবং নারী ও শিশু নির্যাতনের মামলার সংখ্যাও কমার চিত্র পাওয়া গেছে।

তথ্য অনুযায়ী, আগের তিন মাসে খুনের মামলা ছিল ১৯২টি। পরের তিন মাসে তা কমে ১৬৪টিতে দাঁড়িয়েছে। অর্থাৎ কমেছে ১৫ শতাংশ। অপহরণের ঘটনা ৪৩টি থেকে কমে ২৯টিতে নেমেছে, যা ৩২ শতাংশ হ্রাস।

নারী ও শিশু নির্যাতনের মামলাও ৫৭১টি থেকে কমে ৪৪৯টিতে দাঁড়িয়েছে। এ ক্ষেত্রে কমেছে ২১ শতাংশ। ধর্ষণের মামলা ২৭৬টি থেকে কমে ২৭৪টি এবং গণধর্ষণের মামলা ১৮টি থেকে কমে ১৭টিতে দাঁড়িয়েছে।

এ ছাড়া ডাকাতির ঘটনা ৩০টি থেকে কমে ২৮টি, দস্যুতার ঘটনা ৭৩টি থেকে ৭২টি এবং চাঁদাবাজির মামলা ৩৩টি থেকে কমে ৩২টি হয়েছে।

অবৈধ অস্ত্র উদ্ধারের ক্ষেত্রেও পুলিশের তৎপরতা বেড়েছে। আগের তিন মাসে অস্ত্র উদ্ধার-সংক্রান্ত মামলা ছিল ৯৪টি। পরের তিন মাসে তা বেড়ে ১০৫টিতে দাঁড়িয়েছে। সব মিলিয়ে উদ্ধার-সংক্রান্ত মামলা ৩ হাজার ৫৮১টি থেকে বেড়ে ৪ হাজার ৮১২টি হয়েছে।

মামলা নিষ্পত্তির ক্ষেত্রেও অগ্রগতি হয়েছে। আগের তিন মাসে ৮ হাজার ৪৫৭টি মামলা নিষ্পত্তি হলেও পরের তিন মাসে নিষ্পত্তি হয়েছে ৯ হাজার ৯৫৬টি। অর্থাৎ মামলা নিষ্পত্তি বেড়েছে ১৮ শতাংশ। একই সময়ে গ্রেপ্তারি পরোয়ানা তামিলের সংখ্যা ৩১ হাজার ৭৩৫টি থেকে বেড়ে ৩৫ হাজার ৮৫৮টিতে দাঁড়িয়েছে।

কিশোর গ্যাং দমনেও সক্রিয় ছিলেন

কিশোর গ্যাংয়ের অপরাধ নিয়ন্ত্রণেও বিশেষ উদ্যোগ নেন আবদুল কুদ্দুছ। বিভিন্ন জেলায় সচেতনতামূলক সভা করার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে পুলিশি কার্যক্রম জোরদার করা হয়। সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় দেখা গেলে আটকের হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

রেঞ্জ পুলিশের কর্মকর্তাদের দাবি, গত কয়েক মাসে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর নেতৃত্বে অপরাধ দমনে পুলিশ উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। পুলিশের এ তৎপরতার ফলে অপরাধীদের মধ্যে ভীতি তৈরি হয়েছে। তবে অপরাধ নিয়ন্ত্রণে অভিযান ও নজরদারির এই ধারাবাহিকতা ধরে রাখার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে দায়িত্ব গ্রহণের চার মাসের মাথায় বদলির বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি আবদুল কুদ্দুছ চৌধুরী। তিনি বলেন, ‘এটা সরকারের সিদ্ধান্ত। এ ব্যাপারে কোনো মন্তব্য করার সুযোগ নেই। একজন পুলিশ কর্মকর্তা হিসেবে যেখানেই দায়িত্ব পাব, সেখানেই সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করব।’

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রূপগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল 
অবহেলায় পদত্যাগ করেছেন ওসমান ফারুক
গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক গ্রেপ্তার
দেশে হাম ও ডেঙ্গুর প্রকোপ অব্যাহত, ২৪ ঘণ্টায় মৃত্যু ১০ জনের