জাতীয় গ্রিডে আজ চালু হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, উদ্বোধনে ভার্চুয়ালি থাকতে পারেন তারেক রহমান ও পুতিন

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৫
অ- অ+

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের জন্য প্রস্তুত হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। সবকিছু ঠিক থাকলে আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) পরীক্ষামূলকভাবে কয়েক ঘণ্টার জন্য এই ইউনিটের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হতে পারে। পরীক্ষামূলক এই পর্যায়ে সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহের পরিকল্পনা রয়েছে।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, পারমাণবিক জ্বালানি থেকে উৎপন্ন তাপশক্তিতে তৈরি বাষ্পের চাপে টারবাইন ঘুরিয়ে এই বিদ্যুৎ উৎপাদন করা হবে। শুরুতে কেন্দ্রটি মাত্র ৩ শতাংশ সক্ষমতায় চালানো হবে। পরবর্তীতে ধাপে ধাপে সক্ষমতা বাড়িয়ে ২৫ থেকে ৩০ শতাংশে উন্নীত করা হলে জাতীয় গ্রিডে নিয়মিত প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। পূর্ণ সক্ষমতায় পৌঁছাতে আরও পাঁচ থেকে ছয় মাস সময় লাগতে পারে।

প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. খালেকুজ্জামান জানান, আজকের প্রক্রিয়াটি কেবল পরীক্ষামূলক সংযোগ, এটি বাণিজ্যিক উৎপাদন নয়। কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর গ্রিড থেকে সংযোগ বিচ্ছিন্ন করে কেন্দ্রের যন্ত্রপাতি ও নিরাপত্তা ব্যবস্থা পুনরায় পরীক্ষা-নিরীক্ষা করা হবে। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চূড়ান্ত অনুমোদনের পরই পুনরায় গ্রিডে সংযোগ দেওয়া হবে।

এ বিষয়ে বায়েরা চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, সব ধরনের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরই গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। অন্যদিকে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম জানিয়েছেন, রূপপুরের বিদ্যুৎ গ্রহণের জন্য জাতীয় গ্রিড সম্পূর্ণ প্রস্তুত এবং পিডিবির প্রতিনিধিও সেখানে উপস্থিত থাকবেন।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রকল্পের একাধিক কর্মকর্তা জানান, রিঅ্যাক্টর ও টারবাইনসহ গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামী ২১ নভেম্বর প্রথম ইউনিটের বিদ্যুৎ চূড়ান্তভাবে জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক আয়োজনের পরিকল্পনা রয়েছে, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভার্চুয়ালি যুক্ত হতে পারেন। আনুষ্ঠানিকতার সুবিধার্থে চূড়ান্ত সংযোগের তারিখ ২১ নভেম্বরের আগে বা পরে হতে পারে।

রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার মাধ্যমে বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে নাম লেখাবে বাংলাদেশ। ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিটের প্রতিটি থেকে কেন্দ্রের নিজস্ব ব্যবহার বাদে জাতীয় গ্রিডে অন্তত ১ হাজার ৩০ মেগাওয়াট করে মোট ২ হাজার ৬০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। চুক্তির শর্ত অনুযায়ী, নির্ধারিত পরিমাণের চেয়ে কম বিদ্যুৎ সরবরাহ করলে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরিমানা গুনতে হবে। এছাড়া আগামী বছর দ্বিতীয় ইউনিটেও পারমাণবিক জ্বালানি লোড করার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, দুই দফা মেয়াদ বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা এই প্রকল্পের প্রাক্কলিত ব্যয় বর্তমানে দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা। ডলারের বিনিময় হার বৃদ্ধির কারণে টাকার অঙ্কে ব্যয় প্রায় ২৬ হাজার কোটি টাকা বাড়লেও মূল চুক্তির ইউরো বা ডলার ব্যয় অপরিবর্তিত রয়েছে। দুটি ইউনিট পূর্ণমাত্রায় চালু হলে দেশের লোডশেডিং কমার পাশাপাশি জ্বালানি আমদানিতে বিপুল বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে।

(ঢাকাটাইমস/১৭ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দম্পতির হাইকোর্টের রায় আজ
ঘূর্ণিঝড়ের শঙ্কা: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, দেশে টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়া
হেলাল খানের নেতৃত্ব নিয়ে আপত্তি, পদত্যাগের সিদ্ধান্ত জয় চৌধুরীর