অযৌক্তিক দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তর ঘেরাও

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ নভেম্বর ২০২৬, ১৯:২২| আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১৯:২৪
অ- অ+

জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর একের পর এক দাবি এবং তা আদায়ে উপাচার্যের দপ্তর ঘেরাওয়ের ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে সোমবার উপাচার্যের দপ্তরে অবস্থান ও অবরোধের পর তাদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আন্দোলনকারীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে ১৪ বছরের জ্যেষ্ঠতা কার্যকর, পদোন্নতি এবং বিদ্যমান পে-স্কেল অনুযায়ী বকেয়া বেতন-ভাতা পরিশোধ। তবে এসব দাবির সবকিছু আপিল বিভাগের রায়ে সরাসরি উল্লেখ নেই। ফলে আদালতের নির্দেশনা এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক এখতিয়ারের বিষয়টি সামনে এসেছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্র বলছে, আপিল বিভাগের রায়ের বাইরে গিয়ে ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীকে অতিরিক্ত আর্থিক সুবিধা দেওয়ার সুযোগ নেই। এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হলে রাষ্ট্রের ওপর বিপুল আর্থিক দায় তৈরি হতে পারে। সরকার চাইলে আইনসম্মতভাবে বিষয়টি বিবেচনা করতে পারে, তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এককভাবে এমন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।

সূত্র আরও জানায়, আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী, চাকরিচ্যুতির সময় থেকে পুনর্বহাল পর্যন্ত সময় অসাধারণ ছুটি হিসেবে গণ্য হবে। এ সময়ে চাকরির অস্তিত্ব বহাল থাকলেও সংশ্লিষ্ট ব্যক্তিরা বেতন পাবেন না। বেতন না পেলে অন্যান্য ভাতা পাওয়ারও সুযোগ নেই। ফলে ওই সময়ের বেতন-ভাতা দাবি করার বিষয়টি আদালতের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আদালতের রায়ে কী বলা হয়েছে

২০২৫ সালের ২৭ মে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ের করা আপিল মঞ্জুর করেন। রায়ে চাকরিচ্যুত ৯৮৮ জনের মধ্যে জীবিতদের তাদের আগের পদে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে চাকরিচ্যুতির সময়কে অসাধারণ ছুটি হিসেবে গণ্য করার কথা বলা হয়। তবে ওই সময়ের জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রাখার নির্দেশনাও দেন আদালত।

অর্থাৎ আদালত চাকরিতে পুনর্বহাল এবং জ্যেষ্ঠতা সংরক্ষণের বিষয়ে নির্দেশনা দিলেও চাকরিচ্যুতির ১৪ বছরের বকেয়া বেতন-ভাতা কিংবা ওই সময়ের পদোন্নতির সুবিধা দেওয়ার সরাসরি নির্দেশ দেননি। ফলে আদালতের রায়ে যা বলা হয়েছে, তার বাইরে গিয়ে আর্থিক সুবিধা দাবি করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

উপাচার্য অধ্যাপক আমানুল্লাহর আশঙ্কা, শুধু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীকে অতিরিক্ত আর্থিক সুবিধা দেওয়া হলে অন্য সরকারি প্রতিষ্ঠানের চাকরিচ্যুত ব্যক্তিরাও একই ধরনের দাবি তুলতে পারেন। বাংলাদেশ আনসার, পুলিশ ও নির্বাচন কমিশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে এমন দাবি উঠলে রাষ্ট্রের সম্ভাব্য আর্থিক দায় ৮০ থেকে ৯০ হাজার কোটি টাকা, এমনকি এক লাখ কোটি টাকা পর্যন্ত হতে পারে।

তিনি আরও সতর্ক করেছেন, আদালতের রায়ের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা আদালত অবমাননার প্রশ্ন তৈরি করতে পারে। তাই বিষয়টি আবেগের পরিবর্তে আইন ও আর্থিক বাস্তবতা বিবেচনায় নিয়ে সমাধান করা প্রয়োজন।

দাবি আদায়ে উপাচার্যের দপ্তর ঘেরাও

রবিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেন পুনর্বহাল হওয়া কর্মকর্তা-কর্মচারীরা। পরে উপাচার্যের দপ্তরে স্মারকলিপি দেন তাঁরা। দাবি পূরণ না হলে সোমবার থেকে লাগাতার ঘেরাও ও অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন আন্দোলনকারীরা।

সেই ঘোষণা অনুযায়ী সোমবার উপাচার্যের দপ্তরের সামনে অবস্থান নেন তারা। একপর্যায়ে দপ্তর অবরুদ্ধ করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম নিয়ে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়।

আন্দোলনকারীদের দাবি, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রায় ২ হাজার ২০০ কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। এর মধ্যে তাদের ৯৮৮ জনের প্রাপ্য সুবিধা নিশ্চিত করা হচ্ছে না। সম্প্রতি আরও ৩০০ জন জনবল নিয়োগের বিষয়টিও তারা তুলে ধরেছেন।

তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সিদ্ধান্ত ও আর্থিক সুবিধা নির্ধারণের ক্ষেত্রে আদালতের রায়, প্রচলিত বিধিবিধান এবং রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনার বিষয় রয়েছে। এসব বিষয় নিষ্পত্তির জন্য প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ না করে উপাচার্যের দপ্তর অবরুদ্ধ করে দাবি আদায়ের চেষ্টা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমকে চাপের মুখে ফেলেছে।

সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, সমস্যা সমাধানে ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আদালতের রায় ও আইনগত সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান কতটা সম্ভব হয়, এখন সেটিই দেখার বিষয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান, তবুও চার মাসেই বদলি চট্টগ্রামের ডিআইজি
জাতীয়তাবাদী পেশাজীবী দলের সিনিয়র ভাইস-চেয়ারম্যান হলেন অধ্যাপক শেখ আসিফ মিজান
ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হামের উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর
মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ ঘোষণার আহ্বান মালিকপক্ষের