গাজীপুরের শিল্পাঞ্চলে পুলিশ সদস্যদের সতর্ক থাকার নির্দেশ জিএমপি কমিশনারের

গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ডিআইজি মো. আশিক সাঈদ।
সোমবার গাজীপুর চৌরাস্তা, ভোগড়া বাইপাস ও নাওজোড় এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে নিরাপত্তার দায়িত্বে মোতায়েন জিএমপির কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
পরিদর্শনকালে মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন কমিশনার। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সতর্কতা, পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। পাশাপাশি দায়িত্ব পালনরত সদস্যদের মনোবল চাঙা রাখতেও তাদের সঙ্গে কথা বলেন।
জিএমপি জানিয়েছে, গাজীপুরের শিল্পাঞ্চলসহ মহানগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাঠপর্যায়ে তদারকি অব্যাহত রয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











